সুন্দরবনের সুপতি এলাকায় কোস্টগার্ডের নতুন স্টেশন উদ্বোধন
‘সাগর ও সুন্দরবনের সম্পদ রক্ষা এবং দস্যু দমনে কোস্টগার্ডের অভিযানবহরে শিগগিরই আরও দুটি অত্যাধুনিক জাহাজ সংযোজন করা হচ্ছে। স্বল্প জলযান ও জনবল নিয়ে কোস্টগার্ডের সদস্যরা উপকূলের ৭০০ কিলোমিটার দুর্গম এলাকাজুড়ে দস্যু দমন, জেলেদের নিরাপত্তা ছাড়াও বনজ সম্পদ পাচার রোধ এবং সমুদ্রসম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ ২১ অক্টোবর গহিন সুন্দরবনের সুপতি এলাকায় কোস্টগার্ডের নতুন স্টেশন উদ্বোধনকালে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক এস এ এম এ আবেদিন এসব কথা বলেন। এ সময় কোস্টগার্ডের পশ্চিম জোন কমান্ডার ক্যাপ্টেন এ এস এম সাইদুজ্জামান, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে সুন্দরবনের শেলা ও বলেশ্বর নদীতে অনুষ্ঠিত কোস্টগার্ডের বিশেষ মহড়ায় অংশ নেয় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ সিজিএস তামজিদ, পাবনা, বগুড়া, নোয়াখালী, পটুয়ালীসহ দুটি হাই স্পিড বোট। আসন্ন শুঁটকি মৌসুমে জেলেরা যাতে বঙ্গোপসাগরে নির্বিঘ্নে মাছ আহরণ করতে পারেন, সেই লক্ষ্যে কোস্টগার্ডের টহল জোরদারের পাশাপাশি সাগরপাড়ের দুবলার চর, দুবেকি ও কোকিলমনি এলাকায় কোস্টগার্ডের স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক।