সুন্দরবনের ‘সবুজ বোড়া’
বিষধর সাপ ভাইপারিডি গোত্রের দুটি উপগোত্র ভাইপারিনি ও ক্রোটালিনির কয়েকটি প্রজাতির সাপ বাংলাদেশে পাওয়া যায়। এই ক্রোটালিনি উপগোত্রের ট্রিমারেসুরাস গণের সাপ হচ্ছে ‘সবুজ বোড়া’। ইংরেজি নাম ‘গ্রিন পিট ভাইপার’। প্রায় একই রকম দেখতে সবুজ বোড়ার পাঁচ-ছয়টি উপপ্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। সুন্দরবনে সাধারণত দুটি উপপ্রজাতি—সাদা ঠোঁট সবুজ বোড়া ও চিত্রিত লেজ সবুজ বোড়া দেখতে পাওয়া যায়।গত শতাব্দীর আশির দশকে সুন্দরবনে যেতাম শিকারের ছুতোয়। এ সময় বেশ কয়েকবার আশ্রয় নিয়েছি নিউজপ্রিন্ট মিলের বেসক্যাম্পে। সুন্দরবনের মারণ বিষধর সাপের স্বর্গরাজ্য। কেউটে প্রায় সর্বত্র দেখা যায়। এ ছাড়া শঙ্খচূড়, কালাজ, কাল-কালাজ, শঙ্খিনী যেমন এখানে নিজ বাসভূমে মাটিতে, গাছে আছে; জলে তেমনি আছে হাইড্রোফিনি গোত্রের অন্তত আটটি প্রজাতি। হালকা বিষধর, কুকুরে বোড়া, কালনাগিনী, লাউডগার দুটি উপপ্রজাতি, চকচকে জলার সাপ— এরাও আছে অল্পবিস্তর।নিউজপ্রিন্স বেসক্যাম্পের ডাক্তার সাহেবের সঙ্গে সাপ নিয়ে আলাপ করছিলাম। প্রায় ৪০০ গেউয়াকাটা বাওয়ালি প্রতিদিন ক্যাম্পের জন্য গাছ কাটে। ডাক্তার সাহেব জানালেন, বছরে দু-তিনজন কেউটে সাপের কামড়ে মারা গেলেও গড়ে ৩০-৪০ জন বাওয়ালি সবুজ বোড়ার কামড় খায়। সচরাচর কেউ মারা যায় না, কিন্তু সবুজ বোড়ার হিমোটক্সিন আর ভাসোটক্সিন মিশ্রিত বিষে আক্রান্ত ব্যক্তিরা প্রচণ্ড কষ্ট পায়।সবুজ বোড়া নিশাচর, অত্যন্ত নাদুসনুদুস শ্লথগতির সাপ। এদের দাঁত অত্যন্ত উন্নত, বেশ বড়। অবিশ্বাস্য দ্রুতগতিতে এরা ছোবল মারে। কিন্তু তার পরও এত লোক কামড় খাবে কেন? জিজ্ঞাসা করাতে ডাক্তার সাহেব বললেন, বাওয়ালিরা গাছে কুড়াল চালালে গাছ পড়ার সময় গাছে থাকা সাপ হয় বাওয়ালির গায়ে পড়ে, নয়তো পায়ের কাছে পড়ে। তখন যাকে যেখানে পায় কামড়ায়।এত বছর সুন্দরবনে চলাচল করেও ১৯৯৬ সালের আগে আমি জঙ্গলে সবুজ বোড়া দেখিনি। সেবার নভেম্বর মাসের সকালে মংলায় ফিরব বলে মৃগমারী খালের মধ্যে জোয়ারের সময় মাঝি ট্রলার ঘোরাতে গিয়ে একটা ঝোপড়ানো ধুন্দলগাছের মধ্যে ট্রলার ঢুকিয়ে দেন। আমি বসে ছিলাম ট্রলারের ছাদে। সেখান থেকে ট্রলার মুক্ত করার জন্য ধুন্দলের ডাল ধরে ধাক্কা দিচ্ছিলাম। আমি যখন একটি ডাল ছেড়ে অন্য ডালে হাত দিতে যাব, হঠাৎ মনে হলো ধুন্দলের ডাল তো লালচে মতো, কচি পাতার মতো সবুজ হবে কেন! ভালো করে তাকিয়ে দেখি, ডাল জড়িয়ে আছে ফুট দেড়েক লম্বা একটি সবুজ বোড়া। ২০০০ সাল থেকে আমি সাপ দেখতে হলে কোথায়, কখন তাকাতে হবে সেটা রপ্ত করার চেষ্টা করি। এখন প্রায়ই সবুজ বোড়াসহ অন্য সাপের দেখা পাই।সুন্দরবনে সবুজ বোড়ার মধ্যে ফোঁটা লেজের সবুজ বোড়া (Trimeresurus erythrurus) বেশি দেখতে পাওয়া যায়। সবুজ বোড়ার মাথা তিন কোনা, গলার কাছটা সরু, শরীর পুরু, লেজ ছোট। এদের পুরুষটির রং গাঢ় সবুজ, মেয়ে সাপের রং টিয়ে পাখির বুকের পালকের মতো হলদে সবুজ। রঙের কারণে সহসা এদের দেখতে পাওয়া যায় না। তার ওপর এরা নিশাচর।সবুজ বোড়ার মুখমণ্ডলের খাদ (পিট) অত্যন্ত তাপ সংবেদনশীল। প্রতিটি প্রাণীই কিছু না কিছু তাপ ছড়ায়। সবুজ বোড়া তাপ সংবেদনশীল খাদের সাহায্যে তাপের তারতম্যে বুঝতে পারে কোনটি শিকার আর কোন প্রাণীটি তার খাবার আয়ত্তের বাইরে। এদের খাদ্য মূলত ছোট পাখি, ইঁদুর, টিকটিকি, গঙ্গা ফড়িং, শুয়োপোকা, আনজিনা ইত্যাদি ছোট প্রাণী ও পতঙ্গ।চন্দ্রবোড়া বা র্যাটেল স্নেকের মতো এরা ছোবল দিয়েই শিকারকে ছেড়ে দিয়ে পরে খুঁজতে বের হয় না। শিকার কামড়ে ধরে রাখে, মারা গেলে মাথার দিক থেকে গিলতে শুরু করে।সবুজ বোড়া খুব বড় হলে মিটার খানেক হয়। ২০০৬ সালে কচিখালীতে এমনি একটি বড় সাপ (উপরের ছবি) পেয়েছিলাম। লক্ষ করেছি, সবুজ বোড়া অন্য সাপের মতো পানিতে দ্রুত চলতে পারে না।সবুজ বোড়া অত্যন্ত সুদর্শন বর্ণিল সাপ। এরা ডিম পাড়ে না, বাচ্চার জন্ম দেয়। আমরা জানি সাপ শুনতে পায় না। কিন্তু সবুজ বোড়ার মতো যেসব সাপের চোখের মণি লম্বাটে এবং খাড়া, সেই সাপগুলোর স্টেপস বলে এক ধরনের শব্দবহনের হাড় আছে। এর মাধ্যমে এরা কিছুটা শুনতে পায়।