সুন্দরী হওয়ার তালিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সব সময় অবশ্যই চুল পরিষ্কার থাকতে হবে। রূপসজ্জা হতে হবে স্বাভাবিক। পায়ে সব সময় থাকবে উঁচু হিলের জুতা।’কথাগুলো বলছিলেন ভেনেজুয়েলার সুন্দরী তৈরির স্কুলগুলোর একজন শিক্ষক অ্যান্ডরিয়া রেয়েস।পাঁচবারের মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ডের খেতাবজয়ী এ দেশটিতে ছোটবেলা থেকেই মেয়েদের কীভাবে সুন্দরী হয়ে গড়ে উঠতে হয়, সেই প্রশিক্ষণ দেওয়া হয়। আর এ জন্য খুলে বসা হয়েছে স্কুল। বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।এখানে চার বছর বয়সী শিশু থেকে ২৪ বছরের নারীরা ভর্তি হতে পারেন। এদের মধ্যে বড়দের পাঁচ ইঞ্চি উঁচু হিলের জুতা পরতে হয়।শুধু ক্যাটওয়াক নয়, কীভাবে ওয়াইনের গ্লাস ধরতে হবে, কীভাবে একজনের সঙ্গে বা অনেকের সঙ্গে কথা বলতে হয়, এর সবই প্রশিক্ষণ দেওয়া হয় ভেনেজুয়েলার এসব স্কুলে।কারাকাসের শহরতলিতে এমনই একটি স্কুল খুলেছেন সাবেক সুন্দরী গিসলে রেয়েস। সেখানে তাঁর ভাইয়ের মেয়ে ২১ বছর বয়সী আঁদ্রিয়া রেয়েস ক্যাটওয়াকের প্রশিক্ষণ দিয়ে থাকেন।সুন্দরী তৈরির কাজটিকে পারিবারিক ব্যবসা উল্লেখ করে আঁদ্রিয়া বলেন, ‘এটি আমাদের ভাষা। আমরা ছোট থেকে এই ধারণা নিয়ে বড় হই।’আঁদ্রিয়া তাঁর শ্রেণীকক্ষে বড় মেয়েদের শেখাচ্ছিলেন ক্যাটওয়াকের সময় আলো ঝলমল কাঠের রানওয়ে দিয়ে কীভাবে এগিয়ে যেতে হয়। চারদিকে কাচঘেরা ওই ক্লাসে ছিল বিভিন্ন গড়নের মেয়ে। এর মধ্যে যাঁরা উঁচু হিলে হাঁটতে পারছিলেন, তাঁদের অন্যদের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছিল।প্রশিক্ষণরত ১৮ বছর বয়সী লিনেট দো নাসিমিয়েন্তো বলেন, তিনি মিস আরুবা প্রতিযোগিতায় যেতে নিজেকে তৈরি করছেন। এরপর তিনি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন।আবুরা দ্বীপ থেকে গ্রীষ্মের ছুটিতে প্রশিক্ষণ নিতে আসা লিনেট দো বলেন, ‘আমার মনে হয় ভেনেজুয়েলা হচ্ছে এমন একটি দেশ, যেখানে মেয়েদের এসব প্রতিযোগিতায় যেতে ভালোভাবে প্রস্তুত করা হয়।’অন্যান্য দেশে যেমন ক্রীড়া প্রতিযোগিতা হয়, তেমনি ভেনেজুয়েলায় হয় সুন্দরী প্রতিযোগিতা। এ কারণেই দেশটিতে ছোটবেলা থেকে মেয়েদের এভাবে গড়ে তোলা হয়। গিসলের তৈরি এ স্কুলে ১৬০ জনের মতো শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে বেশির ভাগেরই বয়স চার থেকে ১১।অভিভাবকেরা প্রায়ই তাঁদের মেয়েসন্তানদের সুন্দরী হওয়ার বিষয়ে উত্সাহিত করেন। কেননা তাঁরা মনে করেন, সুন্দরী হতে পারলে তারা বিখ্যাত ও জনপ্রিয় হতে পারবে।স্কুলটিতে প্রথমে প্রাথমিক কিছু (ওয়ার্ম আপ) ব্যায়াম করানো হয়। এরপর শুরু হয় কাঠের রানওয়েতে ক্যাটওয়াক। একজনের পর একজন যখন হাঁটতে থাকেন, অন্যরা তখন তা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তাঁর পোশাক, গহনা, হাবভাব—সবকিছু আলোচনা করা হয়।শিক্ষিকা আঁদ্রিয়া নিজের বিষয়ে আক্ষেপ নিয়ে বলেন, ‘আমি মিস ভেনেজুয়েলার প্রতিযোগিতায় অংশ নিতে পারিনি। এর জন্য পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতা লাগে। আমার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি।’আঁদ্রিয়া মনে করেন, যাঁরা জাতীয় এই প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাঁদের ব্যায়ামাগারে অনেকটা সময় দিতে হবে এবং খাবারের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। সফলতার জন্য প্রয়োজনে ডেন্টাল ও প্লাস্টিক সার্জারি করতে হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ প্লাস্টিক সার্জারির বিরোধিতা করলেও সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জনপ্রিয় কসমেটিক পদ্ধতির আশ্রয় নেওয়ার সমালোচনা বন্ধ করেছেন।আঁদ্রিয়া জানান, শারীরিক সৌন্দর্য ফুটিয়ে তোলার পাশাপাশি তিনি তাঁর ছাত্রীদের সামাজিক গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখার বিষয়েও উত্সাহ জোগান। এ ব্যাপারে তিনি বলেন, ‘এখানে একটি মেয়ে যদি কেবল সুন্দরী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে, মিস ভেনেজুয়েলা না হওয়া পর্যন্ত সে তো ক্ষুধায় মরবে।’