সুন্দরের দিকে ফুটবল পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিছুতেই গোল খাব না’ মন্ত্র পড়ে গোলপোস্টের সামনে মানবদেয়াল তুলে দেওয়ার দিন শেষ! সদ্য শেষ হওয়া ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপে তেমনই একটা বার্তা পড়তে পারলেন পবিত্র কুন্ডুঅনেক অ-নে-ক দিন পর উত্তর প্রজন্ম যখন ফুটবলের ইতিহাস পড়বে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ অন্য রকম এক আলো জ্বেলে দেবে তাদের চোখের সামনে। ওই বিশ্বকাপ ভুভুজেলা নামক অদ্ভুত এক বাঁশির অন্তহীন শব্দের মধ্যে সরবে মুকুট পরিয়ে দিয়েছিল স্পেনকে।ও তো শুধুই একদল ফুটবল-জাদুকরের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ছিল না, ছিল ইতিহাসের ঋণ শোধেরও মুহূর্ত। একটা দল সুন্দর ফুটবল খেলেও বারবার বিশ্বকাপ থেকে ফিরে যাচ্ছিল অপ্রাপ্তির বেদনা নিয়ে। একদিন তাদের দিন আসতই। সেটি এল ওই ২০১০-এ। এল না বলে বলা ভালো, তারাই আনল সুন্দর ফুটবলকে নতুন ছন্দের নূপুর পরিয়ে। বেসুরো হয়ে পড়া ফুটবল পৃথিবী আবার যেন তাই সুরের খোঁজে। ২০১০ থেকে ২০১২। দুবছরের মাথায় স্পেনের হাতে ইউরো-শ্রেষ্ঠত্বের পুরস্কার আরেকটা সত্যও তুলে ধরল। সব দলই স্পেনের মতো সুন্দর ফুটবল খেলতে চাইছে, মাঠের সব জায়গা ভরাট করে গড়িয়ে যাওয়া বলটার মতো সাবলীল গতিতে। দক্ষিণ আফ্রিকার গ্যালারিকে মাতাল করেছিল প্লাস্টিকের বাঁশি ভুভুজেলা। ২০১২ পোল্যান্ড-ইউক্রেনের গ্যালারি মাতাল পোড়া মাটি বা প্লাস্টিকের বাঁশি জোজুলিকা। অনেকে বলতে পারেন, কই জোজুলিকা তো তেমন দৃশ্যমান ছিল না। তা ঠিক। আসলে মিহি-কোমল সুর সব সময়ই একটু নির্জন। ভুভুজেলার একঘেয়ে রোদনের চেয়ে অনেক মিষ্টি এই বাঁশির সুর। এই নির্জন সুর নীরবে একটা পরিবর্তনেরও বার্তা দিয়ে গেছে এবারের ইউরোতে। শেষ হয়ে যাচ্ছে কদর্য, ফলনির্ভর ফুটবলের দিন।তা-ই যদি না হতো, তাহলে ১ জুলাই কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে ইতালির পায়ে আবারও ফিরত কাতানেচ্চিও। রক্ষণ কৌশলের জাতাকলে পিষ্ট ক্লান্তিকর ফুটবল। ‘গোল খাব না’ দর্শন। তারপর? স্পেনের কাছে পরাজিত আজ্জুরিদের নিয়ে ইতালির সবখানে জ্বলত রাগ আর ক্ষোভের আগুন। চলত কোচ সিজারে প্রানদেল্লির মুণ্ডুপাত। দুবছর ধরে নিভৃতে একটি নতুন দল গড়ে তোলার ‘পুরস্কার’ হয়তো তিনি পেতেন হাতেনাতে—বরখাস্ত। কিন্তু প্রানদেল্লি বরখাস্ত হননি। বরং চারদিকে তাঁর জয়ধ্বনি। পত্রিকার পাতায় পাতায় প্রশংসা। আর সেই প্রশংসাসূচক প্রতিবেদনের মন্তব্যমালায় বান ডাকছে পাঠক-স্তুতি। প্রানদেল্লি ফাইনালটা জিতলে হয়তো ইতালীয় জনতার ‘প্রাণবল্লভ’ই হয়ে উঠতেন। তবে না জিতেও কম কিছু হননি। ভস্ম থেকে ফিনিক্স পাখিকেই তো জাগিয়ে তুলেছেন তিনি। দলের ইউরো প্রস্তুতি যখন শুরু হলো, ধেয়ে এল ম্যাচ পাতানো বিতর্ক। কলঙ্কের কালি মেখে লেফট ব্যাক দমেনিকো ক্রিসিতো চূড়ান্ত দলে ঢুকতেই পারলেন না। ইউরোপীয় ফুটবলে ইতালি লিগের পড়তি অবস্থা। প্রতিভার আকাল। তার ওপর ভূমিকম্পের কারণে দুটি প্রস্তুতি ম্যাচ খেলাই গেল না। এই ইতালি কতদূর যেতে পারত? বিদগ্ধজনেরা বললেন, প্রথম রাউন্ডেই বিদায়! কিন্তু সবাইকে চমকে দিয়ে তারা উঠে গেল ফাইনালে। শুধু ওঠাটাই বড় কথা নয়। যেভাবে উঠল সেটি আরও গুরুত্বপূর্ণ। এই দলটি দর্শন বদলে একেবারেই অন্য রকম। এরা রক্ষণচিন্তায় ক্লিষ্ট নয়, বরং আক্রমণ ও সুন্দর খেলাকেই আঁকড়ে ধরেছে।পৃথিবীর প্রায় সব ব্যর্থ অভিযানেই একটা না একটা ভুলের আঁচড় থাকে। প্রানদেল্লিও ভুল করেছেন। ৩-৫-২ ছকে অমন খেলতে খেলতে স্পেনের সঙ্গে ফাইনালে কেন ৪-৩-১-২ ছক বেছে নিলেন সেটি প্রশ্ন। আরেক প্রশ্ন, কেন তিনি খেলোয়াড়দের ফিটনেসের ব্যাপারটি তলিয়ে দেখলেন না। থিয়াগো মোত্তা এমনিতেই ফিট ছিলেন না। তাকে কেন নামানো হলো তৃতীয় বদলি হিসেবে? আর শেষ পর্যন্ত হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মোত্তা ইতালিকে শেষ ২৮ মিনিট বানিয়ে দিলেন দশজনের দল। অথচ নসেরিনো-দিয়ামান্তির মতো ভালো বিকল্প ছিল প্রানদেল্লির হাতে। ফুটবলে এটি নতুন কিছু নয়। আসল ম্যাচে অনেক সময় কোচের মুহূর্তের মতিভ্রম হয়। ২০০৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে যেমন মেসিকে না নামিয়ে মূল্য দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ হোসে পেকারম্যান। আবার আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ওঠা জার্মানিই ভুলের মাশুল দিল ইতালিকে। গোলশূন্য ম্যাচটি অতিরিক্ত ৩০ মিনিটে পড়তেই কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান রক্ষণাত্মক হয়ে গেলেন। টাইব্রেকারে গেলেই তো জার্মানি জেতে! কিন্তু হায়, শেষ দুই মিনিটে ইতালির দুই গোল স্বাগতিক জার্মানির প্রতিটি ঘরে জমাল শ্মশানের শোক।এই ইউরোতেও সুন্দর ফুটবল খেলতে থাকা জার্মানি ইতালির কাছে ধরাশায়ী সেমিফাইনালে। জয়ে ইতালির কৃতিত্ব যতটা, ঠিক ততটাই ভুল জার্মান-রক্ষণের। বালোতেল্লি বা কাসানোর সামর্থ্যকে ‘অবজ্ঞা’ করে দুই সেন্টারব্যাক উঠে গিয়েছিলেন ওপরে। অধিনায়ক লাম ভুলে গিয়েছিলেন অফসাইড ফাঁদের কৌশল। খেলোয়াড় বদলের যে ভুলটা প্রানদেল্লি করেছেন ফাইনালে, সেটি জোয়াকিম লো করেছিলেন সেমিফাইনালে।সর্বকালের সেরা দল বলে গণ্য পেলেদের ১৯৭০-এর ব্রাজিলের চেয়ে পিছিয়ে ছিল না ১৯৮২-এর ব্রাজিল। টেলে সান্তানার হাতে সেবার ছিল জিকো, সক্রেটিস, এডার, ফ্যালকাও, এডার নামের কজন জাদুকর। কিন্তু দলটি ইতালির কাছে হেরে বিদায় নিল দ্বিতীয় রাউন্ডেই। এখনো তা ফুটবলের বিস্ময়। সান্তানার ভুল একটা ছিল। দলটিকে শুধু আক্রমণই শিখিয়েছিলেন, রক্ষণে মনোযোগী হতে বলেননি। এ নিয়ে তাঁর আক্ষেপ ছিল না। ‘জোগো বনিতো’র পূজারি ভালো খেলে সব সময়ই হারতে রাজি ছিলেন! আর ভুলই তো কাউকে, কোনো ধারাকে করে মহান।এই ইউরো আবার যেন ভালো খেলার কিছু পূজারিকে ফিরিয়ে আনল। ইতালির সিজারে প্রানদেল্লি, জার্মানির জোয়াকিম লো, পর্তুগালের পাওলো বেন্তোর কথায় কোথায় যেন সান্তানার প্রতিধ্বনি। ‘আমরা হারলেও মাঠ ছেড়েছি মাথা উঁচু করে।’ ফুটবল রোমান্টিকদের জন্য সবচেয়ে আশার জায়গা, এঁরা কেউই রক্ষণাত্মক ফুটবলের ঊষর পৃথিবীতে ফিরে যেতে চান না। জার্মানি লোর অধীনে সেই ২০০৮ সাল থেকেই আক্রমণাত্মক ফুটবলের অনুসারী। তাদের গা-জোয়ারি ‘ডিরেক্ট’ ফুটবল এখন অভিধানের বাতিল শব্দ। ইতালিকে বদলে দিলেন প্রানদেল্লি। এই ইউরোর অন্তত গোটা আটেক দল ফুটবলটা ফুটবলের আনন্দে খেলতে চেয়েছে।সবকিছুই চক্রাকারে ঘোরে। একটা চক্র শেষে শুরু হয় নতুন চক্র। স্কলারি, দুঙ্গা, ফোটস, সাকিদের দর্শন সম্ভবত সন্ন্যাস নিতে চলেছে। স্পেনের ফুটন্ত লাল গোলাপ ফুটবলের পৃথিবীকে আবারও নিয়ে যাচ্ছে সুন্দরের দিকে।