সুন্দলপুর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহজাদপুর গ্রামের সুন্দলপুর গ্যাস ক্ষেত্র থেকে আজ শনিবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দুপুর ১২টার দিকে পরীক্ষামূলকভাবে গ্রিড লাইনে গ্যাস সরবরাহ করা হয়।বাপেক্সের প্রকল্প পরিচালক মো. আবদুল হালিম প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষামূলক গ্যাস উত্তোলন কার্যক্রম কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে। এরপর দিনক্ষণ ঠিক করে আনুষ্ঠানিকভাবে গ্যাস ক্ষেত্রটি উদ্বোধন করা হবে।সুন্দলপুর গ্যাসক্ষেত্রের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করার খবরে স্থানীয় জনগণ খুশি হয়েছে। তবে তাঁদের দাবি, ক্ষেত্রটির নাম গ্রামের নাম অনুসারে শাহজাদপুর গ্যাসক্ষেত্র করা এবং এই গ্যাস দিয়ে নোয়াখালীতে গ্যাস-নির্ভর শিল্প কল-কারখানা গড়ে তুলতে সরকারি উদ্যোগ নেওয়া। বাপেক্সের স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথমে পরীক্ষামূলকভাবে, পরে আনুষ্ঠানিকভাবে আগুন জ্বালানো হয়। এরপর শুরু হয় গ্রিড লাইনে গ্যাস সরবরাহের জন্য প্রয়োজনীয় পাইপলাইন বসানো এবং অন্যান্য কারিগরি প্রক্রিয়া। ইতিমধ্যে গ্রিড লাইনের সঙ্গে এই ক্ষেত্রের গ্যাস সরবরাহের জন্য প্রায় ১৬ কিলোমিটার পাইপলাইন বসানো হয়। কূপ থেকে গ্যাস সরবরাহের জন্য প্রয়োজনীয় মেশিনপত্র বসানো এবং সব কারিগরি কাজও শেষের দিকে। প্রকল্প পরিচালক জানান, এ গ্যাস ক্ষেত্রে ভূ-পৃষ্ঠের কম গভীরতার মধ্যে এক হাজার ৪০০ মিটার নিচে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া গেছে। যা দেশের অন্য গ্যাস কূপের গভীরতার চেয়ে অনেক কম। বর্তমানে গ্যাসের চাপ ১৮০০-১৯০০ পি.এস রয়েছে। এ গ্যাস ক্ষেত্রে উত্তোলনযোগ্য সম্ভাব্য ৫০ বিলিয়ন গ্যাস মজুদ রয়েছে। প্রতিদিন জাতীয় গ্রিডে ১০-১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে বলে তিনি জানান।