সুন্দলপুরে গ্যাস আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুরে সুন্দলপুর ভূকাঠামোয় গ্যাস পেয়েছে বাপেক্স। অনুসন্ধান কূপ খনন শুরুর প্রায় আট মাস পর, গতকাল বুধবার সকালে এক হাজার ৪০০ মিটার নিচের একটি স্তর থেকে গ্যাস উঠে আসে। বাপেক্স সূত্র জানায়, ক্ষেত্রটির গ্যাসের মজুদ নির্ধারণে সপ্তাহ খানেক সময় লাগবে। মজুদ বাণিজ্যিক ভিত্তিতে তোলার মতো হলে উত্তোলন কূপ খনন ও পাইপলাইন স্থাপন করে ছয় থেকে আট মাসের মধ্যে ওই গ্যাস ব্যবহার শুরু করা যাবে। সুন্দলপুরের গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হবে।মজুদের পূর্বাভাস: বাপেক্সের বিশেষজ্ঞ ভূতাত্ত্বিক ও প্রকৌশলীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, সুন্দলপুরে গ্যাসের মজুদ বেশি হবে না। এত কম গভীরতায় গ্যাসের বড় মজুদ থাকে না। এমনকি, এ দেশে এত কম গভীরতায় গ্যাস পাওয়ার ঘটনাও এই প্রথম। জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানির (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেন, ‘এটিকে ছোট গ্যাসক্ষেত্র বলে মনে করা হলেও আমরা নিরাশ নই। অনুসন্ধান কূপটি যেখানে করা হয়েছে, উত্তোলন কূপটি সেখানে না করে অন্যত্র করলে আরও ভালো ফল পাওয়া যেতে পারে।’কাঠামো চিহ্নিতকরণ: সুন্দলপুর গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জি পিএলসি, ২০০৬-০৭ সালে। কিন্তু কাঠামোটি দুটি ব্লকের মধ্যবর্তী স্থানে হওয়ায় কেয়ার্ন সেখানে অনুসন্ধান কূপ করেনি। ২০০৭-০৮ সালে বাপেক্স ২০৫ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালিয়ে কূপ খননের স্থান নির্ধারণ করে।অনুসন্ধান কূপ খননের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন করে ২০০৮ সালের ২২ এপ্রিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য জরুরি ভিত্তিতে সুন্দলপুরে অনুসন্ধান কূপ খননের জন্য বাপেক্সকে নির্দেশ দেয়। এরপর ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ ও খননযন্ত্র (রিগ) স্থাপন করে গত ডিসেম্বর মাসের মধ্যভাগে খনন শুরু করা হয়। এপ্রিল মাসের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও জটিল ভূকাঠামোজনিত কিছু সমস্যার কারণে তা সম্ভব হয়নি।সংবাদ ব্রিফিং: পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর গতকাল বিকেলে পেট্রোসেন্টারে সুন্দলপুর সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, এক বছরের মধ্যে সুন্দলপুরের গ্যাস জাতীয় গ্রিডে আনা হবে। অনুসন্ধান কূপ যেখানে করা হয়েছিল, সেখানে না করে অন্যত্র উত্তোলন কূপ করা হবে। ক্ষেত্রটিতে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হবে।