সুন্দলপুরে সাড়ে তিন কি.মি. গভীর গ্যাসকূপ খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিগের সঙ্গে স্থাপিত খনন যন্ত্রটির লক্ষ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার গভীরের একটি স্থান। সংশ্লিষ্ট ভূতত্ত্ববিদ প্রকৌশলীদের ধারণা, সুন্দলপুর ভূ-গঠনের এই স্থানটিতেই নানা দিক থেকে এসে জমা হতে পারে প্রাকৃতিক গ্যাস। দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের তথ্য-উপাত্ত এবং সংলগ্ন বেগমগঞ্জ ও সালদা নদী গ্যাস ক্ষেত্রের ভূ-গঠনের সঙ্গে সুন্দলপুরের সাদৃশ্য এই ধারণার ভিত্তি।ভূগর্ভের ওই লক্ষ্যে পৌঁছাতে খনন যন্ত্রটি ইতিমধ্যে ভূতকের বিভিন্ন শিলা অতিক্রম করে প্রায় ৭০০ মিটার গভীরে পৌঁছে গেছে। কারণ, কাজটি শুরু করা হয়েছে কয়েক দিন আগে। যদিও এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল মঙ্গলবার সকালে।যন্ত্রটি যতই গভীরে যাচ্ছে, সম্ভাব্য প্রাপ্তির প্রত্যাশায় ততই উজ্জ্বলতর হচ্ছে বাপেক্সের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মুখ। আর বাড়ছে উৎসুক এলাকাবাসীর আগ্রহ। সবকিছু পরিকল্পনা মতে চললে ফেব্রুয়ারি মাসের শেষ কিংবা মার্চের কোনো একটি দিন সব প্রত্যাশার অবসান হবে প্রাপ্তির সাফল্য সংবাদে।বাপেক্সের পাশাপাশি দেশের খ্যাতিমান ভূতত্ত্ববিদেরাও সুন্দলপুরে গ্যাস পাওয়ার ব্যাপারে আশাবাদী। এ প্রসঙ্গে অধ্যাপক বদরুল ইমাম গতকাল প্রথম আলোকে বলেন, বেগমগঞ্জ ও সালদার সংলগ্ন সুন্দলপুরের ভূ-কাঠামো অভিন্ন। তাই ওখানে গ্যাস পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।এই সম্ভাবনা ও প্রত্যাশার পাশাপাশি হতাশাও আছে অনেক। বিশেষজ্ঞ-কর্মকর্তারা বলেন, প্রথমত দীর্ঘ ছয় বছর পর দেশে একটি অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে। বাংলাদেশের মতো জ্বালানি ঘাটতি ও গ্যাস পাওয়ার সম্ভাবনাময় একটি দেশে এটা অস্বাভাবিক। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স আর্থিক ও কারিগরিভাবে সক্ষম হলে এত দিনে আরও অনেক কূপ খনন করা সম্ভব হতো। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাপেক্সকে শক্তিশালী করে তোলার কোনো বিকল্প নেই। এ জন্য বাপেক্সের গ্যাসের দাম ৫০ টাকা করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করা দরকার। এরপর পৃথিবীর অন্য সব কোম্পানির মতো বাপেক্সের গ্যাসের দামও খরচের চেয়ে ১৫-২০ শতাংশ বেশি করতে হবে। তাহলেই বাপেক্স প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হবে।হতাশার আরও দিক হচ্ছে, যে রিগটি দিয়ে সুন্দলপুরে কূপ খনন করা হচ্ছে, সেটি ৩৭ বছরের পুরোনো। এক ইঞ্জিনবিশিষ্ট, বয়সের ভারে ন্যুব্জ এই রিগ যেকোনো সময় বিকল হতে পারে। কিন্তু বাপেক্সের কোনো বিকল্প নেই। সম্প্রতি একটি নতুন আধুনিক রিগ কেনা হলেও বাপেক্সকে এখনো চলতে হচ্ছে প্রধানত পুরোনো যন্ত্রপাতি আর দক্ষ জনবলের সংকট নিয়ে।কূপ খননের আনুষ্ঠানিক উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বাপেক্সের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকারের অঙ্গীকার ঘোষণা করেন। তিনি বলেন, বাপেক্স যত শক্তিশালী হবে, জ্বালানি খাতের উন্নয়ন ও যন্ত্রপাতি ততই ত্বরান্বিত হবে।অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর জ্বালানি খাতের উন্নয়নে বর্তমানে পরিচালিত কার্যক্রম উল্লেখ করে বলেন, ২০১২ সালের পর দেশে গ্যাস সরবরাহে আর কোনো সমস্যা থাকবে না। বাপেক্সকে শক্তিশালী করার জন্য সব উদ্যোগ নেওয়া হবে।সুন্দলপুরে একেবারে খাড়াভাবে (ভার্টিক্যাল) এই কূপটি খনন করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৩ কোটি ৫০ লাখ টাকা। কূপটি খনন হচ্ছে ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে। জরিপের তথ্য বিশ্লেষণ করে এখানে ৫১৪ দশমিক ৫ বিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার আশা করছে বাপেক্স। এই গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হবে।১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর বাপেক্স এখন পর্যন্ত মাত্র তিনটি অনুসন্ধান কূপ খনন করেছে। এর মধ্যে দুটিতে (ভোলার শাহবাজপুর ও কুমিল্লার সালদা নদীতে) গ্যাস পাওয়া গেছে। সুন্দলপুর বাপেক্সের চতুর্থ অনুসন্ধান কূপ। বর্তমান সরকারের প্রায় দুই বছরের শাসন মেয়াদে এটি প্রথম অনুসন্ধান কূপ।বাপেক্সের কর্মপরিকল্পনায় সুন্দলপুরের পর একে একে শ্রীকাইল, কাপাসিয়া, সুনামগঞ্জ, নেত্রকোনা, মোবারকপুর, বেগমগঞ্জ উত্তর ও রূপগঞ্জ (কামতা উত্তর) ভূ-গঠনে অনুসন্ধান কূপ খননের কর্মসূচি আছে। যন্ত্রপাতি ও লোকবলের সীমাবদ্ধতা সত্ত্বেও বাপেক্স এ পর্যন্ত বাংলাদেশ গ্যাস ফিল্ড ও সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির সঙ্গে মোট আটটি অনুসন্ধান কূপ খনন ও ১৪টি পুরোনো কূপ ওয়ার্কওভার করেছে। আইরিশ কোম্পানি টাল্লোর জন্য ৯ নম্বর ব্লকে ভূ-কম্পন জরিপ ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূ-কম্পন জরিপ চলছে। একই সঙ্গে বাপেক্স জাতীয় গ্রিডে প্রতিদিন চার কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করছে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ। অন্যান্যের মধ্যে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু ছায়েদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, যুগ্ম সম্পাদক নুর নবী, বাপেক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ, বাপেক্স শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ইমান আলী, বাপেক্স এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ইমতিয়াজ হোসেন, বাপেক্স শ্রমিক লীগের সভাপতি আবরু মিয়া প্রমুখ বক্তব্য দেন।বক্তব্যে স্থানীয় নেতারা সুন্দলপুরের পরিবর্তে গ্রামের নামে ‘শাহজাদপুর গ্যাসক্ষেত্র’ রাখার দাবি জানান। জবাবে প্রতিমন্ত্রী ভবিষ্যতে জনগণের দাবি অনুযায়ী প্রকল্পের নাম পরিবর্তনের সুযোগ রয়েছে। অনুষ্ঠানের শেষে সুন্দলপুর তেল/গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. আবদুল হালিম সবাইকে ধন্যবাদ জানান।