সুপার আর্থসহ ৫০টিরও বেশি গ্রহের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সৌরজগতের বাইরে ‘সুপার আর্থ’সহ ৫০টিরও বেশি গ্রহের সন্ধান পাওয়া গেছে। এর একটি সুপার আর্থ গ্রহে জীবসত্তা-সহায়ক পরিবেশ থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি (ইএসও) থেকে টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করে তাঁরা এ দাবি করেন। সৌরজগতের বাইরে সন্ধান পাওয়া নতুন গ্রহের মধ্যে অন্তত ১৬টি হচ্ছে সুপার আর্থ (পৃথিবীর চেয়ে আকারে অনেক বড়) গ্রহ। এসব গ্রহের আকার পৃথিবীর চেয়ে বড়। আর এগুলোতে প্রচুর শিলা রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। এর মধ্যে এইচডি ৮৫৫১২বি নামের একটি সুপার আর্থ বিজ্ঞানীদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। কারণ, এই গ্রহটি তার নক্ষত্রের হ্যাবিচুয়াল জোনের (পৃথিবীর মতো পানি ও জীবসত্তা থাকতে পারে এমন পরিবেশ) কাছাকাছি কক্ষপথ দিয়ে ঘূর্ণায়মান। এটি তার নক্ষত্র থেকে এমন সঠিক দূরত্বে রয়েছে, যেখানকার পরিবেশ খুব উষ্ণও নয়, আবার খুব শীতলও নয়, যা থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন, সেখানে জীবনধারণ উপযোগী পরিবেশ থাকার সম্ভাবনা উজ্জ্বল। তাঁরা মনে করছেন, এই সুপার আর্থে জীবসত্তার প্রয়োজনীয় পরিবেশ থাকতে পারে । চিলিতে ইএসওর লা সিলা অবজারভেটরি থেকে বিজ্ঞানীরা উচ্চক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ (এইচএআরপিএস) ব্যবহার করে এমন ধারণা পেয়েছেন। এইচএআরপিএসের দলনেতা ও জেনেভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মেয়র এক বিবৃতিতে বলেন, এইচএআরপিএসের মাধ্যমে ব্যতিক্রমী সব সুপার আর্থ এবং নেপচুনের মতো গ্রহসহ সবকিছুই পর্যবেক্ষণ করা যায়। এইচডি ৮৫৫১২ বি নামের সুপার আর্থ গ্রহটি পৃথিবীর চেয়ে ৩ দশমিক ৬ গুণ বড় বলে জানান বিজ্ঞানীরা। আর এখানে তাপমাত্রা ৩০ থেকে ৫০ ডিগ্রি সেন্টিগ্রেট পর্যন্ত ওঠানামা করে। এ কারণে বিজ্ঞানীদের ধারণা, এখানকার আবহাওয়া খুবই আর্দ্র। গ্রহটি তার কাছ থেকে ৩৫ আলোকবর্ষ দূরে থাকা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। সৌরজগতের বাইরের গ্রহে হ্যাবিচুয়াল জোনবিষয়ক বিশেষজ্ঞ লিসা ক্যালটেনেগার বলেন, ‘মনে হয় আমরা রোমাঞ্চকর বিশ্বাসযোগ্য একটি সময়ে রয়েছি। আমরা শুধু নতুন একটি বিষয় আবিষ্কার করতে যাচ্ছি না, বরং নতুন একটি পৃথিবী আবিষ্কার করতে যাচ্ছি।’বিজ্ঞানীরা এইচএআরপিএস দিয়ে সূর্যের মতো ৩৭৬টি নক্ষত্র পর্যবেক্ষণ করেছেন। তাঁরা দেখেছেন, এর মধ্যে শতকরা ৪০ ভাগ নক্ষত্রের অন্তত একটি শনি গ্রহের চেয়ে ছোট গ্রহ রয়েছে। এর আগে বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে ৫৬৪ গ্রহের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করেন।—স্পেস ডটকম, দ্য গার্ডিয়ান।