সুপার এইটের লড়াই শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে আজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে সুপার এইটের প্রথম খেলায় মাঠে নামছে পাকিস্তান ও ইংল্যান্ড। দিনের অপর ম্যাচে নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১২টি দলের মধ্যে বাংলাদেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান এই চারটি দল গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় সুপার এইটের লড়াইয়ে আছে আটটি দল।গ্রুপ পর্বে দুই পয়েন্ট পাওয়া পাকিস্তান ইংল্যান্ডের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থাকলেও পারফরম্যান্সের তুলনা করলে কেউ কারও চেয়ে এগিয়ে নেই। বাংলাদেশকে ২১ রানে হারিয়ে পাকিস্তান বিশ্বকাপ শুরু করেছিল। তবে পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ধাক্কা খেতে হয়েছে তাদের। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ১৯১ রান করার পরও বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির কবলে পড়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। পরের ম্যাচটিও বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় কলিংউডদের।দক্ষিণ আফ্রিকার তুলনায় অবশ্য পয়েন্টের দিক থেকে এগিয়ে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুই দলের বিপক্ষেই জয় পাওয়ার সুবাদে নিউজিল্যান্ডের সংগ্রহ চার পয়েন্ট। অন্যদিকে ভারতের কাছে হারের পর আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দুই।