সুপার ওভারে শুরু সুপার এইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৪/৭শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭৪/৬ফল: ম্যাচ টাই, শ্রীলঙ্কা জয়ী সুপার ওভারেটি-টোয়েন্টি ক্রিকেট তার সবটুকু রোমাঞ্চ ঢেলে দিল পাল্লেকেলের মাঠে। শেষ বলের নাটকীয়তায়ও যখন ফলাফল দেখল না ম্যাচ, সুপার ওভারের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি বিজয়মালা পরাল শ্রীলঙ্কাকে। ১৭৫ রানের লক্ষ্য দিয়েও নিউজিল্যান্ডের সুপার এইট শুরু হার দিয়ে।টিম সাউদির করা ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ৮ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। ম্যাথুস ও থিরিমান্নে প্রথম ৩ বলে নিলেন ৩ রান, চতুর্থ বলে রান নেই, পঞ্চম বলে স্কুপ করে লং লেগ দিয়ে ৪ মারলেন থিরিমান্নে। ১ বলে ১ রানের উত্তেজনায় কাঁপছিল পাল্লেকেলে। কে জানত, অপেক্ষা করছে এর চেয়েও বড় নাটক!সাউদির শেষ বলটা ব্যাটের ভেতরের কানায় লাগিয়েই ছুটলেন থিরিমান্নে। ঝুঁকিপূর্ণ রান। রানআউটের নিশ্চিত সুযোগ। কিন্তু পয়েন্ট থেকে আসা থ্রোটা নিতে পারলেন না নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়ানো রস টেলর। বেল পড়ল, পায়ের ধাক্কায় কি? নাকি বল ফসকে যাওয়ার পর টেলরের হাত লাগল স্টাম্পে! নিউজিল্যান্ড অধিনায়ক ও রকম কিছুই ভাবলেন বোধ হয়। ভাবলেন, থিরিমান্নে পৌঁছে গেছেন, জিতে গেছে শ্রীলঙ্কা। আম্পায়ারের দিকে এগিয়ে গেলেন হাত মেলাতে। কিন্তু না। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত চাইলেন আম্পায়ার। চলল টিভি রিপ্লে দেখে চুলচেরা বিশ্লেষণ। সিদ্ধান্তটা দেখে টেলরও অবাক হয়ে থাকবেন। থিরিমান্নে রানআউট! ম্যাচ টাই। ফলাফল হবে সুপার ওভারে।সুপার ওভারে একটাও বাউন্ডারি পায়নি শ্রীলঙ্কা। তবে সাউদির অতিমাত্রায় নেতিবাচক বোলিং থেকে পেল ২টি ওয়াইড। মাহেলা জয়াবর্ধনেকে হারিয়ে রান হলো ‘মাত্র’ ১৩। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ১৪ রান তো আকছারই হয়। কিন্তু বোলার যখন লাসিথ মালিঙ্গা, সবই কঠিন লাগার কথা। গাপটিল-ম্যাককালাম সেই কঠিনকেও হারিয়ে দিচ্ছিলেন। দুজনে মিলে প্রথম ৩ বলে নিলেন ৫, পরের বলে উইকেটের পেছনে সাঙ্গাকারা ম্যাককালামের ক্যাচ ফেলায় আরও ১ রান। পঞ্চম বলে লং অফ দিয়ে ছক্কা হাঁকাতে চাইলেন গাপটিল। হয়েও যাচ্ছিল প্রায়। হতে দিল না উড়ে আসা বলটার ওপর তিলকরত্নে দিলশানের শ্যেন দৃষ্টি, বিশ্বস্ত হাত। সীমানার ওপর অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে গাপটিলকে আউট তো করলেনই, নিশ্চিত ছক্কাও বাঁচিয়ে দিলেন দিলশান। এতে নিউজিল্যান্ডের সামনে সুপার ওভারের শেষ বলে ৮ রানের অসম্ভব লক্ষ্য তো দাঁড়িয়ে গেল সে কারণেই!গাপটিলের ক্যাচ নিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন দিলশান। তবে এই ক্যাচের আগেও ম্যাচের আলো ছিল তাঁর ওপরই। নিউজিল্যান্ডের ১৭৪ রানের জবাবে শ্রীলঙ্কা যে শেষ বলের নাটকীয়তা সেরে সুপার ওভারে ম্যাচ নিল, সেটা দিলশানের ৫৩ বলে ৭৬ রানের সৌজন্যে। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৪/৭ (নিকোল ৫৮, গাপটিল ৩৮, ব্রেন্ডন ম্যাককালাম ২৫, টেলর ২৩, ওরাম ৬, ন্যাথান ম্যাককালাম ৩, ফ্রাঙ্কলিন ৮*, উইলিয়ামসন ৪; কুলাসেকারা ২/৩৩, ম্যাথুজ ০/১৪, মালিঙ্গা ১/৩০, অজন্তা মেন্ডিস ১/৪৮, পেরেরা ২/৩২, জীবন মেন্ডিস ০/১৩)। শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭৪/৬ (জয়াবর্ধনে ৪৪, দিলশান ৭৬, সাঙ্গাকারা ২১, জীবন মেন্ডিস ৮, ম্যাথুজ ১২*, পেরেরা ৫, থিরিমান্নে ৫; ম্যাককালাম ০/২৫, মিলস ০/১৫, সাউদি ০/৪৪, ওরাম ১/২৬, ভেট্টোরি ০/২৯, ফ্রাঙ্কলিন ২/৩৪)। ফল: টাই, শ্রীলঙ্কা সুপার ওভারে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তিলকরত্নে দিলশান।