সুপারমডেল থেকে নিরাপদ মাতৃত্ব সচেতনতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানজানিয়ার মাসাই গোত্র, বাংলাদেশের বস্তি, গুয়াতেমালার এক হাসপাতাল, যুক্তরাষ্ট্রের ক্লিনিক। পৃথিবীর চার প্রান্তের চার স্থানের চার নারীর গল্প। তাঁরা এক বিন্দুতে এসে মিলেছেন—মাতৃত্ব। আর মা হতে গিয়ে তাঁরা যেসব সমস্যায় পড়েছেন, তা কিন্তু পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো নারীরই হতে পারে। নো ওমেন, নো ক্রাই প্রামাণ্যচিত্রের মাধ্যমে ক্রিস্টি টার্লিংটন তা-ই তুলে ধরলেন। গত ২০ জুন বাংলাদেশে হয়ে গেল তাঁর তৈরি করা এই প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। এ উপলক্ষে ঢাকায় এসেছিলেন তিনি। তখন কথা হয় তাঁর সঙ্গে।ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে বা কেলভিন ক্লেইনের বিজ্ঞাপনে দেখা সুপারমডেল ক্রিস্টি টার্লিংটনের সঙ্গে এখনকার ক্রিস্টিকে মেলানো যাবে না। তবে ঝকঝকে হাসি হেসে হাতটা যখন বাড়িয়ে দিলেন, মনে পড়ল তাঁর করা মেইবেলিনের লিপস্টিকের বিজ্ঞাপনগুলোর কথা। সেই সময়কার কথা নিয়ে কিন্তু তেমন আলাপ হলো না। কারণ, নিজের জীবনের এক অভিজ্ঞতা বদলে দিয়েছে তাঁর জীবনদর্শন। ম্যাগাজিনের প্রচ্ছদ, বিজ্ঞাপন আর ফ্যাশন শোর চাকচিক্যময় জগতে আর বাস করেন না তিনি। ক্রিস্টি টার্লিংটন বার্নসের আজকের পরিচয় অনেকগুলো। দুই সন্তানের মা, নির্মাতা। নিজের সংগঠন এভরি মাদার কাউন্টসের মাধ্যমে কাজ করছেন সারা বিশ্বে নারীদের প্রসবকালীন জটিলতা নিয়ে। এরই অংশ হিসেবে নির্মাণ করেছেন নো ওমেন, নো ক্রাই প্রামাণ্যচিত্রটি।‘সন্তান জন্ম দিতে গিয়ে যত ধরনের জটিলতা হয়, এর ৯০ শতাংশই প্রতিরোধ করা যায়। তার পরও কেন এত নারীর জীবন দিতে হবে?’ বলেন তিনি, ‘আমি সর্বস্তরের নারীদের সঙ্গেই কথা বলি। সবাই মিলেই আমরা এসবের সমাধান করতে পারি। আর মানুষকে কোনো কিছু জানানোর জন্য চলচ্চিত্র খুব ভালো মাধ্যম। প্রামাণ্যচিত্র তৈরির পেছনে এটাই ছিল অনুপ্রেরণা।’২০০৩ সালটা ক্রিস্টির জীবনে অন্য রকম গুরুত্ব রাখে। অভিনয়শিল্পী, পরিচালক, লেখক এডওয়ার্ড বার্নসকে ক্রিস্টি বিয়ে করেন ২০০৩ সালে। সে বছরই জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান গ্রেস। আর এই সময়ের অভিজ্ঞতাই বদলে দেয় তাঁকে। ‘সবকিছু ঠিকঠাক চলছিল। বাড়িতেই চিকিৎসকের তত্ত্বাবধানে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিই আমি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটাতে পরিবারের সবার কাছাকাছি থাকতে চেয়েছিলাম। কিন্তু পোস্ট পারটাম হেমারেজ শুরু হলো আমার। সঠিক সময়ে চিকিৎসকের সহায়তা না পেলে আজ হয়তো আর বেঁচে থাকা হতো না। সব রকম সুযোগ-সুবিধার মধ্যে বাস করেও এমন এক জটিলতায় পড়তে হয়েছিল আমাকে।’ বলেন ক্রিস্টি।ক্রিস্টি যদি ক্রিস্টি টার্লিংটন বার্নস না হতেন, তবে হয়তো তাঁর অবস্থা হতো সুবিধাবঞ্চিত অন্য সব নারীর মতোই। এই বোধটাই তাঁকে এসব নারীকে নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করেছে বলে তিনি মনে করেন।ক্রিস্টি বলেন, ‘সন্তান জন্ম দেওয়ার সময় বাংলাদেশের নারীরা হাসপাতালে যেতে চান না। সামাজিক বাধাগুলোই এ জন্য দায়ী। এর সমাধান হতে পারে—বাড়িতেই সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা থাকা; তবে সে জন্য চাই অভিজ্ঞ ধাত্রী। আর বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সুবিধা।’বাংলাদেশে আরও কাজ করতে চান তিনি। ‘বাংলাদেশে এই সময় কোনো যুদ্ধ চলছে না। বহু সংগঠন কাজ করছে এখানে। এসব বিবেচনায় এখানে কাজ করার পরিবেশ ও সুযোগ—দুটিই খুব ভালো। প্রামাণ্যচিত্রের শুটিংয়ে দুই বছর আগে বাংলাদেশ এসেছিলাম। এবার এসে দেখলাম, এই অল্প সময়েই মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ কমে গেছে। এটি আমাকে দারুণ উৎসাহিত করেছে।’পেরুতে কিছু সফল উদ্যোগ নেওয়া হয়েছে মাতৃমৃত্যু কমানোর জন্য। সেসব পরিদর্শন করে ক্রিস্টি অনুপ্রাণিত হয়েছেন। বাংলাদেশেও কাজে লাগানো যায় এসব। ‘খুব ছোট কিছু পরিবর্তন অনেক বড় সুফল নিয়ে আসে। পেরুতে কমিউনিটি রেডিওর মাধ্যমে যোগাযোগ করা সহজ, জরুরি প্রয়োজনে রক্ত সহজলভ্য। সেখানে প্রশিক্ষিত ধাত্রীর সংখ্যাও অনেক। তাঁরা প্রত্যেক রোগীকে নাম ধরে সম্বোধন করেন। তাঁদের ব্যক্তিগত ব্যাপারেও খোঁজখবর রাখেন। এসব কারণে রোগীরাও তাঁদের সেবা নিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন।’ সুপারমডেল ক্রিস্টি এখন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে নারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের অসুবিধার কথা জানতে চান। বাংলাদেশের বস্তির মেয়েটিকে আপন করে নিতে পারেন কীভাবে ক্রিস্টি? ‘যেকোনো নারীই অন্য নারীর অবস্থাটা বুঝতে পারে। মা হওয়ার অভিজ্ঞতা সব নারীরই প্রায় একই রকম। আমার সুপারমডেল পরিচয়টা নয়, বরং নারী পরিচয়েই আমি ওদের কাছাকাছি আসতে পারি।’ বলেন ক্রিস্টি।