সুপারসনিক ম্যান: ফেলিক্স বমগার্টনার
১৪ অক্টোবর মানব অভিযাত্রার ইতিহাসে অনন্য এক দিন। ১৯৪৭ সালের এই দিনে মানুষ প্রথম সুপারসনিক বিমানে চড়ার অভিজ্ঞতা লাভ করে। বেল এক্স-১ রকেট বিমানে করে মার্কিন পাইলট চাক ইয়েজার মানুষের বিমান উড্ডয়নকে অনন্য মাত্রা দেন। গত ১৪ অক্টোবর মানুষ শব্দের গতিকে অতিক্রম করল। কোনো ধরনের যান্ত্রিক শক্তি ছাড়াই এক পাগলাটে অস্ট্রিয়ান এই অসাধ্য সাধন করলেন। ১৬ বছর বয়সে প্রথম স্কাই ডাইভিংয়ের স্বাদ নিয়েছিলেন কিশোর ফেলিক্স। সেই কিশোর রেডবুল স্ট্রাটোস দলের সদস্যদের নিয়ে এই অসাধ্য সাধন করলেন। ৪৩ বছর বয়স্ক ফেলিক্স বমগার্টনার গত ১৪ অক্টোবর ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২৮ হাজার ১০০ ফুট বা ৩৯ হাজার ৪৫ মিটার ওপর থেকে হিলিয়ামের বেলুনবাহিত একটি স্পেস ক্যাপসুল থেকে ধরণীর বুকে লাফিয়ে পড়েন। নিউ মেক্সিকোর আকাশে বেলুন থেকে পতনের পর গতি ছাড়িয়ে যায় ঘণ্টায় সর্বোচ্চ ৮৩৩.৯ মাইল বা ১৩৪২ কিলোমিটার। তিনি চার মিনিট ২০ সেকেন্ড উন্মুক্ত পতনে এক লাখ ১৯ হাজার ৮৪৬ ফুট দূরত্ব অতিক্রম করেন। এ সময়ে তিনি শব্দের গতি প্রতি সেকেন্ড সাধারন তাপমাত্রায় (২০ ডিগ্রি সেলসিয়াস) ৩৪৩.২ মিটারকে অতিক্রম করে সর্বোচ্চ ৩৭৩ মিটার গতি লাভ করেন। প্যারাস্যুটের সাহায্যে মাটিতে নামেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রসওয়েলে। সবচেয়ে উচ্চতম স্কাই ডাইভিংয়ে আগের রেকর্ডটি ভেঙে গড়েন নতুন রেকর্ড। শব্দের গতিকে অতিক্রম করার জন্য তাঁকে তো এখন সুপারসনিক ম্যান নামেই ডাকা যায়। সুব্রত দেব নাথ তথ্যসূত্র: বিবিসি