সুপারি আমদানি-রপ্তানি করে মানি লন্ডারিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কিছু ব্যবসায়ী আমদানি করা সুপারি ভারতে রপ্তানির মাধ্যমে মানি লন্ডারিং করছেন। এই অভিযোগ বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের কাছে এই অভিযোগ করা হয়। কারা এই ব্যবসার সঙ্গে জড়িত, এতে সরকারের ক্ষতির পরিমাণ কেমন—এ বিষয়ে মন্ত্রণালয় কোনো তথ্য দিতে না পারায় বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্য শেখ আফিল উদ্দিন ও এম আবদুল লতিফ সুপারি আমদানি-রপ্তানি প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁরা বলেন, সারা দেশে মাত্র আট-নয়জন ব্যবসায়ী সুপারি আমদানি-রপ্তানির ব্যবসা করছেন। নিয়ম অনুযায়ী আমদানি করা পণ্যে ১০ ভাগ মূল্য সংযোজন করে রপ্তানির বিধান থাকলেও তা মানা হচ্ছে না। তা ছাড়া এ বিষয়ে রাজস্ব বোর্ডকে জানানোর ব্যাপারেও মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি।কমিটির দুই সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দেশে প্রায় ৮০ থেকে ৯০ জন ব্যবসায়ী সুপারি আমদানি-রপ্তানির ব্যবসা করেন। আর ১০ ভাগ মূল্য সংযোজনের বিষয়টি রাজস্ব বোর্ডের এখতিয়ারের। কমিটি রাজস্ব বোর্ডের কাছ থেকে এ-সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য মন্ত্রণালয়কে বলেছে। একই সঙ্গে কমিটির আগামী বৈঠকে সুপারি আমদানি-রপ্তানির ওপর একটি প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে বলে সূত্র জানায়। সূত্র আরও জানায়, সুপারি বোঝাই করা ১০০টি ট্রাক বর্তমানে ভারতে যাওয়ার জন্য বেনাপোল স্থলবন্দরে অপেক্ষা করছে। কমিটি এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা সুপারি আমদানি করে থাকেন। রপ্তানি করা হয় করা হয় ভারত, ভিয়েতনাম, ব্রিটেন ও সৌদি আরবে। চলতি ২০১২-১৩ অর্থবছরে জুলাই-আগস্টে প্রতি টন সুপারি আমদানি করা হয়েছে ৬৪ হাজার ২২৮ টাকায়। অন্যদিকে রপ্তানি করা হয়েছে ৫৬ হাজার ৬৪০ টাকায়। অর্থাত্ প্রতি প্রতি টন সুপারি সাত হাজার ৫৮৮ টাকা কম দামে রপ্তানি করা হয়েছে। বৈঠক শেষে কমিটির সদস্য এম আবদুল লতিফ সাংবাদিকদের বলেন, বেশি দামে কিনে কম দামে বিক্রি করার মানেই হলো ব্যবসায় অনিয়ম আছে। কমিটি মনে করে এর মাধ্যমে মানি লন্ডারিং হচ্ছে। ভারতে আমদানি-রপ্তানির ওপর কর বেশি হওয়ায় ওখানকার ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে এই কাজটি করছেন। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করে আবদুল লতিফ বলেন, ‘মন্ত্রণালয় বলছে ৮০ থেকে ৯০ জন ব্যবসায়ী সুপারির ব্যবসা করছে। বাস্তবতা হলো, মাত্র নয়-দশজন ব্যবসায়ী ভিন্ন ভিন্ন নামে এই ব্যবসা করছে। তারা আমদানি করা সুপারির প্যাকেট পরিবর্তন করেই এ কাজটি করছে। এটা আইনবিরোধী কাজ।’ কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য তহুরা আলী, টিপু মুনশি, রুমানা মাহমুদ, এম আবদুল লতিফ ও শেখ আফিল উদ্দিন অংশ নেন।