সুপারি পচানোর কারবারে চলছে সুরমায় দখল-দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরের সুরমার একাংশে নদীতীর থেকে মধ্যভাগ পর্যন্ত বাঁশের খুঁটি দিয়ে সীমানা চিহ্নিত করা। তাতে ভাসমান অবস্থায় দেখা যায় সারি সারি বস্তা। পানির ওপরে ও নিচে আছে বস্তার আরও কয়েকটি স্তর। ওই স্থানে নদীর তীর ধরে হেঁটে গেলেই উৎকট গন্ধ নাকে ভেসে আসে। এ গন্ধ সুপারি পচানোর। বস্তার ভেতর রাখা সুপারি নদীতে এভাবেই পচিয়ে তৈরি করা হয় সিলেট অঞ্চলের সুস্বাদু ‘মজাইল গুয়া’। নদীতে ‘মজানো’ (পচানো) সুপারির দাম ও চাহিদা বাজারে বেশি থাকায় অতিরিক্ত মুনাফা পাওয়ার আশায় সিলেট নগরের কাজীর বাজারে সুরমা নদীর তীর দখল করে সুপারি মজানোর হিড়িক পড়েছে। অবৈধ দখলদারেরা ‘জমাদার’ বসিয়ে টাকা আদায় করছেন। সুপারির আড়তদার ও ব্যবসায়ীদের এ তৎপরতায় শুষ্ক মৌসুমের শুরুতেই সুরমা নদীর পানি দূষণের মুখে পড়েছে।নদীর তীর ঘুরে দেখা গেছে, নগরের কিন ব্রিজের পশ্চিম দিকে তোপখানা খেয়াঘাট থেকে কাজীর বাজার খেয়াঘাটের মধ্যে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ নদীর তীরজুড়ে সারি সারি সুপারির বস্তা। নদীর উত্তর তীর থেকে মধ্যভাগ পর্যন্ত বাঁশের খুঁটি দেওয়া অংশ সুপারির ক্রেতা-বিক্রেতাদের কাছে ‘মজাইল গুয়ার ঘের’ নামে পরিচিত। সাতটি ঘেরের মধ্যে প্রতিটিতে ২৫ থেকে ৩০ হাজার বস্তা কয়েকটি স্তরে রাখা হয়েছে। শুষ্ক মৌসুমে পুরো ছয় মাস এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে ঘেরে নিয়োজিত শ্রমিকেরা জানান।জানা গেছে, চলতি মৌসুমের জন্য এ পর্যন্ত সাতটি মজাইল গুয়ার ঘের তৈরি করেছেন কাজীর বাজার এলাকার তিনজন প্রভাবশালী আড়তদার। নদীতীরে অস্থায়ী স্থাপনা তৈরি করে বাঁশের সারি সারি খুঁটি পুঁতে চিহ্নিত করা ঘেরে সুপারির বস্তা মজাতে টাকাও নিচ্ছেন তাঁরা। একটি ঘেরে ২৫ হাজার সুপারির বস্তা মজানোর কাজে ব্যস্ত কাজীর বাজারের নূরে আলম ব্রাদার্সের মনির পাটোয়ারি জানান, সুপারির প্রতি ‘ভিরা’ (এক ভিরায় চার হাজার ২০০) হিসাবে টাকা দিতে হয় ঘের তৈরি করে দেওয়া সুপারির আড়তদারদের। তিন মাসের জন্য এতে বস্তাপ্রতি ৪০ থেকে ৫০ টাকা দিতে হয়। তাঁর ঘেরের নাম ‘হারুন ব্রাদার্স’ বলে জানান। তবে হারুন ব্রাদার্সে গিয়ে মালিকের খোঁজ করলে একজন কর্মচারী জানান, মালিক (হারুনুর রশিদ) সিলেটের বাইরে রয়েছেন। নদী দখল করে ঘের তৈরি ও টাকা নেওয়ার বৈধতা সম্পর্কে জানতে চাইলে ওই কর্মচারী বলেন, ‘আমরা তো একলা না, সবই তো আছইন।’জানা গেছে, কাজীরবাজারের কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী নদী দখল করে সুপারির ঘের তৈরি করেছেন এবং এ থেকে ছয় মাসে লক্ষাধিক টাকা আদায় করছেন। সুপারির খুচরা বিক্রেতা জানান, প্রতিটি আড়তে সুপারি মজানোর ব্যবস্থা রয়েছে। কিন্তু আড়তে মজানো সুপারির দাম ভিরাপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা এবং নদীতে মজানো সুপারির দাম এর তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় নদীর ঘেরে সুপারি মজানোর প্রতিযোগিতা চলছে। বাজারে নদীতে মজানো সুপারির কাটতিও বেশি। তাই প্রভাবশালী ব্যবসায়ীরা এ কাজ করছেন বলে তাঁরা জানান। ওই এলাকায় নদীতীরের বাসিন্দারা জানান, এই নদীর পানিতেই তাঁদের গোসল ও আসবাব ধোয়ার কাজ চলে। বর্ষা মৌসুমের পরপরই নদীতীরের প্রায় আধা কিলোমিটার জায়গাজুড়ে সুপারি ‘মজানো’ শুরু হয়। পুরো শুষ্ক মৌসুম ধরে চলে এ প্রক্রিয়া। এতে নদীর পানি বিবর্ণ হয়ে যায়। পানিতে উৎকট গন্ধও পাওয়া যায়। ‘জাতীয় নদী রক্ষা আন্দোলন’-এর সিলেট অঞ্চলের সমন্বয়ক আবদুল করিম বলেন, ‘সুরমা নদীর নাব্যতা কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে স্বাভাবিকভাবে পানিতে নানা রকম দূষণ এসে যায়। সুপারি মজানোয় একটি নদীতে দখল ও দূষণের ঘটনা একই সঙ্গে সবার চোখের সামনে ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে নীরব ভূমিকা আমাদের ভাবিয়ে তুলছে।’ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট অঞ্চলের মাঠ সমন্বয়কারী শাহ শাহেদা প্রথম আলোকে বলেন, ‘নদী দখল করে প্রাকৃতিক প্রবাহ ব্যাহত করা সম্পূর্ণ বেআইনি। সুপারি পচানোয় নদীর খোলা পানিও দূষিত হচ্ছে। এ অবস্থা ঠেকাতে পরিবেশ অধিদপ্তর আইনি ব্যবস্থা নিতে পারে।’ পরিবেশ অধিদপ্তরের সিলেট শাখার উপপরিচালক মো. জিল্লুর রহমান জানান, এ অবস্থা তাঁদের দপ্তরের পর্যবেক্ষণের মধ্যে নেই। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা সম্পূর্ণ অবৈধ। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে অবশ্যই আইনি ব্যবস্থা নেব।’এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মো. হাশিম প্রথম আলোকে বলেন, ‘সুরমায় এ রকম দখলের বিষয়টি জেলা প্রশাসনকে কেউ জানায়নি। আর জেলা প্রশাসনও এ বিষয়ে অবহিত নয়। এমন হলে এ ব্যাপারে খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’