চাপ দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি
সুপারি রপ্তানি আবার চালু করার সুপারিশ
সুপারি রপ্তানির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে গত ১৬ অক্টোবর সুপারি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। দেশে যে দামে সুপারি বিক্রি হয়, তার অর্ধেক দামে পার্শ্ববর্তী দেশ ভারতসহ কয়েকটি দেশে রপ্তানি করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও রপ্তানি বন্ধের সুপারিশ করেছিল। অথচ রহস্যজনক কারণে ওই সংসদীয় কমিটিই এখন সুপারি রপ্তানি উন্মুক্ত করে দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চাপ দিচ্ছে। যদিও অর্থ পাচারের জন্য সরকারের কোনো সংস্থাই কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।সংসদ ভবনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সাংসদেরা সুপারি রপ্তানি উন্মুক্ত করে দেওয়ার সুপারিশ করেন। কমিটি বলেছে, রপ্তানি নিষেধাজ্ঞা সাময়িকভাবে জারি করা হয়েছিল। এখন তা তুলে নেওয়া যেতে পারে। তবে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এই সুপারিশের বিরোধিতা করেন।জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম কাস্টম হাউস এবং চট্টগ্রামে আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ১৬টি আমদানিকারী প্রতিষ্ঠান চার হাজার ৩৭৮ টন সুপারি আমদানি করেছে। আমদানি মূল্য, শুল্ক, কর পরিশোধের পর এক কেজি সুপারির দাম দাঁড়ায় ১২৫ টাকা। চট্টগ্রামের পাইকারি বাজারে ওই সুপারি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০২ টাকা কেজি। তবে বেনাপোল কাস্টম হাউস বলছে, এ দেশ থেকে মাত্র ৫৬ টাকা ৪১ পয়সা কেজি দরে সুপারি রপ্তানি হচ্ছে।রপ্তানি নিষেধাজ্ঞা জারির আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো খুলনায় আমদানি-রপ্তানি যুগ্ম নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, প্রতি কেজি সুপারির আমদানি মূল্য ৬৪ টাকা ৫২ পয়সা। শুল্ক ও কর পরিশোধের পর এক কেজি সুপারির দাম দাঁড়ায় ১২৫ টাকা। কিন্তু বেনাপোল দিয়ে প্রতি কেজি সুপারি রপ্তানি হয়েছে ৫৬ টাকা ৪১ পয়সায়। এ থেকে বলা যায়, আমদানি মূল্য ও দেশীয় বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে সুপারি রপ্তানি হচ্ছে। মূলত এ কারণেই গত ৯ অক্টোবর অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে সুপারি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করা হয়েছিল।জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় ব্যবসায়ী ও ইপিজেডের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, রপ্তানি নিষেধাজ্ঞার কারণে তাদের অনেক লোকসান হচ্ছে। আমরা বিষয়টি চিন্তা করেছি। তার পরই রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে বিবেচনার কথা বলেছি।’আগে অর্থ পাচারের অভিযোগ তুলেছিলেন, এক মাসের ব্যবধানে কী হলো যে আগের অবস্থান থেকে সরে গেলেন—জানতে চাইলে আবুল কাশেম বলেন, ‘সুপারি রপ্তানি বন্ধের সুপারিশ করার পর আমরা আরও অনুসন্ধান করেছি। তাতে অর্থ পাচারের কোনো প্রমাণ পাই নাই।’আমদানি-রপ্তানি চিত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সুপারির বার্ষিক উৎপাদন দুই লাখ ৩০ হাজার ৪৩৪ টন। আর দেশীয় চাহিদা হচ্ছে দুই লাখ ২৬ হাজার ৪৯১ টন। উদ্বৃত্ত থাকে তিন হাজার ৯৪৩ টন।জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে দেশে সুপারি আমদানি হয়েছে ৩৬ হাজার ৪৭১ টন। আর এ দেশ থেকে রপ্তানি হয়েছে ছয় হাজার ৭৪২ টন সুপারি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে আমদানি হয় সুপারি। আর রপ্তানি হয় মূলত ভারত, ভিয়েতনাম, যুক্তরাজ্য ও সৌদি আরবে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলেছে, মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জানিয়েছেন, সে দেশে সুপারির রপ্তানি মূল্য মানভেদে প্রতি টন ৮৫০ থেকে আড়াই হাজার ডলার। মিয়ানমার ও থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলররা জানিয়েছেন, দেশ দুটিতে প্রতি টন সুপারির রপ্তানি মূল্য এক হাজার ৮০০ ডলার। আর বেনাপোল কাস্টম হাউস জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর সময়ে ভারতে সুপারি রপ্তানি করা হয়েছে প্রতি টন ৬৮৫ ডলারে।যোগাযোগ করা হলে মংলা ইপিজেড বিনিয়োগকারী সমিতির সভাপতি গালিব কাপাডিয়া প্রথম আলোকে বলেন, ‘ইপিজেডের অধীনে আমরা আটটি প্রকল্পে ৩৩ শতাংশ মূল্য সংযোজন করে সুপারি রপ্তানি করি। কেউ রপ্তানির নামে পাচারের সঙ্গে জড়িত নই। ইপিজেডের বাইরে যারা সুপারি রপ্তানি করে, তারাই এ কাজ করে।’ তিনি বলেন, ‘আমরা সংসদীয় কমিটিকে বুঝিয়েছি। তারাও বুঝেছে। ইপিজেডের জন্য রপ্তানির সুযোগ দেবে বলে কমিটি আমাদের আশ্বস্ত করেছে।’