সুপারিশ!
‘রাজনৈতিক বিবেচনায় আবদুল কুদ্দুসকে সভাপতি নিয়োগ দিয়ে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সহযোগিতা কামনা করছি।’ এটি রাজনৈতিক সংগঠনের সভাপতি মনোনয়নের জন্য সুপারিশ নয়। এটি একটি বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মনোনয়নের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে সুপারিশ। এতে স্বাক্ষর করেন আওয়ামী লীগের ইউনিয়ন থেকে জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় চার নেতা।এভাবে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের পরিচালনা পরিষদে পছন্দের লোকদের নিয়োগে সুপারিশ করছেন ক্ষমতাসীন দলের নেতারা। এর মধ্যে মন্ত্রী ও সাংসদ রয়েছেন। এমনকি একই নেতা একই প্রতিষ্ঠানের একই পদের জন্য একাধিক ব্যক্তিকে নিয়োগের সুপারিশ করছেন। এতে বোর্ড কর্তৃপক্ষ বিভ্রান্তির মধ্যে রয়েছে।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলার ভিতরভাগ বাইআপ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি পদে মনোনয়নে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার মো. আবদুর রাজ্জাকের নাম সুপারিশ করেন। তাঁর শিক্ষাগত যোগ্যতার ঘরে লেখা হয়েছে এইচএসসি পাস এবং সামাজিক মর্যাদার ঘরে লেখা হয়েছে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি। এর আগে ২৬ নভেম্বর আবদুর রাজ্জাকের জন্য সুপারিশ করেন সংরক্ষিত আসনের সাংসদ শেফালী মমতাজ (ম-২৪)। একই তারিখে তাঁকেই আবার জাতীয় সংসদের প্যাডে সুপারিশ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নির্বাচিত সাংসদ আবু তালহা। তালহাই আবার ২ ডিসেম্বর আবদুর রাজ্জাকের মনোনয়ন বাতিল করে আবদুল কুদ্দুস নামের অপর এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেন। গত ৮ ডিসেম্বর একই কাজ করেন শেফালী মমতাজ। তিনিও জাতীয় সংসদের প্যাডে আবদুর রাজ্জাকের মনোনয়ন বাতিল করে আবদুল কুদ্দুসকে মনোনয়ন দিতে সুপারিশ করেন।৪ ডিসেম্বর বাগাতিপাড়ার জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন দলীয় প্যাডে আবদুল কুদ্দুসকেই মনোনয়ন দিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করেন। এতে রাজনৈতিক বিবেচনায় আবদুল কুদ্দুসকে সভাপতি নিয়োগ দিয়ে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সহযোগিতা কামনা করা হয়। এতে স্বাক্ষর করেন নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন গত ৪ জানুয়ারি শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের কাছে পাঠানো এক আবেদনপত্রে উল্লেখ করেন, আবদুল কুদ্দুস বেসরকারি সংস্থার (এনজিও) একজন কর্মী। তিনি যশোরে থাকেন। তাঁকে সভাপতি করা হলে বিদ্যালয় পরিচালনার কাজ ব্যাহত হবে। তিনি আবদুর রাজ্জাককে মনোনয়ন দিতে অনুরোধ করেন। তিনি উল্লেখ করেন, আবদুর রাজ্জাক আওয়ামী লীগের গ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় লোক। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ছয় মাসে রাজশাহী শিক্ষা বোর্ডে শতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ ও কমিটিতে নিয়োগ নিয়ে বোর্ড এ সমস্যা মোকাবিলা করছে। সূত্র জানায়, নেতারা মাইক্রোবাসে করে বোর্ডে এসে নিজ নিজ পছন্দের ব্যক্তিদের নিয়োগে কর্মকর্তাদের সরাসরি চাপ প্রয়োগ করছেন। নাম প্রকাশ না করার শর্তে লালপুর উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন, সাংসদদের লোকজন একটি সুপারিশের জন্য পাঁচ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। অন্য কেউ বেশি দিলে প্রথম জনের বদলে তাঁকে ওই পদে নিয়োগে সুপারিশ করছেন তাঁরা। লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী অভিযোগ করেন, টাকার বিনিময়ে সাংসদদের কেউ কেউ অযোগ্য লোকের জন্য সুপারিশ করছেন।এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শেফালী মমতাজ ওই বিদ্যালয়ের নাম স্মরণ করতে পারেননি। তিনি বলেন, ‘কই, আমি তো এ রকম সুপারিশ দিইনি।’এ ব্যাপারে সাংসদ আবু তালহা বলেন, ‘মহাজোটের নেতাদের সঙ্গে আলোচনা করে যা কর্তব্য মনে করেছি, সেভাবেই সুপারিশ করেছি।’ সুপারিশের ক্ষেত্রে ব্যক্তির নাম বদল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমে আমাকে মিসগাইড করা হয়েছিল। এ জন্য পরে আরেকজনের নাম সুপারিশ করি। এটি ভালো মনে করেই করা হয়েছে।’ এ ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যা শুনেছেন তা ভুল।’রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ দাস বলেন, এসব সুপারিশ সামাল দিতে বোর্ডের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সমঝোতার মাধ্যমে তিনি এসব সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানান।