সুপারিশ উত্থাপন হয় না, নেই দিকনির্দেশনাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর আগে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সভার সুপারিশ মূল্যায়নের জন্য বিএনপি দেশব্যাপী আলোচনা সভার আয়োজন করেছে। কিন্তু এসব আলোচনা সভার একটিতেও ওই সময় ইউনিয়ন প্রতিনিধি সভার কোনো সুপারিশ তুলে ধরা হয়নি। আলোচকেরাও তাই এর কোনো মূল্যায়ন করতে পারেননি। এসব আলোচনা সভা থেকে কোনো দিকনির্দেশনাও পাননি তৃণমূল নেতারা।আলোচনা সভার প্রায় পুরোটা জুড়েই ছিল দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘বন্দনা’। তৃণমূলের কোনো নেতাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। দলের থেকেই অভিযোগ উঠেছে হাওয়া ভবনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নেতা নিজেদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করতে এই আলোচনা সভার আয়োজন করেছেন। নানা আলোচনা-সমালোচনার মধ্যে আজ মঙ্গলবার এই কর্মসূচি শেষ হচ্ছে। সকাল ১০টায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা ও আশপাশের পাঁচটি জেলার তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সর্বশেষ সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা। এর আগে দেশের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত সভায় ৫৮ জেলার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে সম্প্রতি প্রথম আলোকে বলেছিলেন, এই আলোচনা সভাগুলো হবে পর্যালোচনামূলক। ২০০৫ সালে তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমানের উদ্যোগে তৃণমূলে যে সভাগুলো হয়েছিল তার সুপারিশ মূল্যায়নই এর লক্ষ্য।বিএনপি সূত্রে জানা গেছে, এই কর্মসূচি শুরু করার পেছনে ছিলেন হাওয়া ভবনসংশ্লিষ্ট নেতারা। এক-এগারোর পরে এসব নেতা দলে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েন। দলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে তাঁরা খালেদা জিয়ার অনুমতি নিয়ে দেশব্যাপী এ কর্মসূচি শুরু করেছেন বলে কেন্দ্রীয় নেতারা মনে করছেন।বিএনপি কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, যা হচ্ছে তাতে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া নেতারা এলাকায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিচ্ছেন। সূত্র জানায়, এই কর্মসূচি শুরুর সঙ্গে যুক্ত নেতারা হলেন যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকতউল্লা ও মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও ফজলুল হক, প্রচার সম্পাদক জয়নাল আবদিন, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার, রশিদুজ্জামান মিল্লাত, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।তারেকের সঙ্গে আয়োজকেরা প্রশংসিত হন: গত ৬ ফেব্রুয়ারি ‘সিলেটে প্রথম তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার গুরুত্ব’ শীর্ষক আলোচনায় বক্তারা তারেক রহমানের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতা ও কর্মসূচির সঙ্গে যুক্ত এম ইলিয়াস আলীর ভূয়সী প্রশংসা করেন। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি হওয়ায় সেখানে ইলিয়াস আলীর বিরোধীরাও যোগ দিতে বাধ্য হন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এতে ইলিয়াস আলীর লাভই হয়েছে সবচেয়ে বেশি। ময়মনসিংহে অনুষ্ঠিত সভায় আমানউল্লাহ, ফজলুল হকের প্রশংসায় মেতে ওঠেন বক্তারা। অন্যান্য স্থানেও এসব নেতার প্রশংসা করে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা ও দলীয় বুদ্ধিজীবীরা।সুপারিশ উত্থাপন হয়নি, তৃণমূল নেতারা বঞ্চিত: ২০০৫ সালে প্রতিনিধি সভার প্রধান সুপারিশ ছিল দলীয় কোন্দল নিরসন, তৃণমূল নেতাদের মূল্যায়ন, নেতা-কর্মীদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি, দল ও সরকারে (তখনকার) জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের অযাচিত হস্তক্ষেপ বন্ধ, জোটের পাশাপাশি বিএনপির রাজনৈতিক স্বাতন্ত্র্য বজায় রাখা প্রভৃতি। এর পাশাপাশি বিএনপি ক্ষমতাসীন থাকায় স্থানীয় সমস্যা তুলে ধরে সমাধানেরও দাবি জানান তৃণমূলের নেতারা।কিন্তু এবারের কোনো আলোচনা সভায় এসব সুপারিশ উত্থাপন করা হয়নি। এসব বিষয়ে পাঁচ বছর পর দলের অবস্থান কী তাও মূল্যায়ন করেননি বক্তারা। আলোচনা সভায় বিএনপি-সমর্থিত বুদ্ধিজীবী, স্থানীয় দলীয় গণ্যমান্য ব্যক্তিদের বক্তব্য দিতে দেওয়া হলেও তৃণমূল নেতাদের বক্তব্য দিতে দেওয়া হয়নি। তাই নিজ এলাকার সুপারিশ কী ছিল এবং তা কতটা বাস্তবায়ন হয়েছে সে সম্পর্কে কোনো দিকিনর্দেশনা পাওয়া যায়নি। শুধু কেন্দ্রীয় নেতা ও বিএনপি-সমর্থিত বুদ্ধিজীবীদের বক্তব্য তৃণমূল বিএনপির কোনো কাজে আসছে না বলে মনে করছেন দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা। কক্সবাজার তৃণমূল নেতারা এ নিয়ে ২০ মার্চ অনুষ্ঠানের দিন ক্ষোভও প্রকাশ করেন। অবশ্য এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা আমানউল্লাহ দাবি করেছেন, এসব সভার ফলে বিএনপি লাভবান হয়েছে। তৃণমূল নেতারা দিকিনর্দেশনা পেয়েছেন। তবে কী ধরনের দিকিনর্দেশনা তাঁরা পেয়েছেন সে সম্পর্কে তিনি কিছু জানাননি।