অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সুপারিশ ২৪ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এতে এ-সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নে আরও এক মাস সময় পেল সরকার। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ এ নির্দেশ দেন। একই সঙ্গে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ-সংক্রান্ত শুনানি মুলতবি করা হয়েছে। ১০ জানুয়ারি সুপারিশের বিষয়ে দেওয়া আদেশ বাস্তবায়নের জন্য ২৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন আপিল বিভাগ। আজ সকালে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সুপারিশ বাস্তবায়নসংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রতিবেদনে বলা হয়, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য আট সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে মন্ত্রিসভা। অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘আপিল বিভাগের রায় বা আদেশ উপেক্ষা করার জন্য আপনারা ডিভাইস তৈরি করতে পারেন না। এই কমিটি আমরা আমলে নিচ্ছি না। আগের আদেশ বহাল রয়েছে। কমিটি গঠন করা হয়েছে, তা আমাদের সামনে তুলে ধরে জটিলতা তৈরি করবেন না। আদেশ বাস্তবায়ন সদিচ্ছার বিষয়। আদালতের আদেশ বাস্তবায়ন করার জন্য আমরা নির্দেশ দিচ্ছি। নতুবা আপনাদের ভিন্নভাবে আসতে হবে।’ আদালত আরও বলেন, ‘লাস্ট স্টেজে যাওয়ার আগে আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে।’ এরপর ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ-সংক্রান্ত শুনানি মুলতবি করেন আদালত। আদালতে মূল আবেদনকারীর পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম সুপারিশ বাস্তবায়নসংক্রান্ত একটি খসড়া প্রস্তাব আদালতে দাখিল করেন।গত বছরের ১ অক্টোবর আদালত বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারকে এক মাস সময় দেন। একই সঙ্গে ৪ নভেম্বর শুনানির তারিখ ধার্য করেন। ধার্য তারিখে আদালত আরও এক মাস বাড়িয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেন। ওই দিন রাষ্ট্রপক্ষকে এক মাসের সময় দিয়ে আপিল বিভাগ ১০ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সুপারিশের বিষয়ে দেওয়া আদেশ বাস্তবায়নের জন্য ২৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। আজ আরও এক মাস সময় বাড়িয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ-সংক্রান্ত শুনানি মুলতবি করেছেন আদালত। জানা যায়, মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে বিচার বিভাগ ২০০৭ সালে যাত্রা শুরু করে। পরে কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে ওই পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এটা বাস্তবায়নে জন্য সরকারপক্ষকে সময় দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিৎসা, পোশাক ভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও সুপারিশে উল্লেখ করা হয়।