ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ কমিটির সদস্যসচিবসহ তিনজন গুরুত্বপূর্ণ সদস্য এই নিয়োগের কার্যপত্রে সই করেননি।ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, গত বছরের আগস্ট মাসে ইসলামিক ফাউন্ডেশনে সহকারী পরিচালক, চিকিৎসা কর্মকর্তা, প্রোগ্রাম অফিসার, জনসংযোগ, গবেষণা, পরিকল্পনা ও উৎপাদন কর্মকর্তা পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। সব কটি পদই প্রথম শ্রেণীর। গত ৪ এপ্রিল ৪৫ জনকে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে ইফার মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও পরিচালক তাহের হোসেনের তিন আত্মীয় রয়েছেন। নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জন সহকারী পরিচালক বলে জানা গেছে। তাঁরা ১২ এপ্রিল থেকে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু করেছেন।ইফার কর্মকর্তারা জানান, এই নিয়োগের জন্য ১৩ সদস্যের কমিটি করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার পর গত ১৫ মার্চ নিয়োগ কমিটির সর্বশেষ সভা হয়। এতে ধর্ম মন্ত্রণালয়, জনপ্রশাসন ও নিয়োগ কমিটির সদস্যসচিব উপস্থিত ছিলেন না। তাঁরা নিয়োগের জন্য তৈরি করা সুপারিশপত্রেও সই করেননি।জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া নিয়োগ কমিটির প্রধান ফাউন্ডেশনের মহাপরিচালকের সঙ্গে কথা বলতে বলেন। মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁর জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন। জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা আনোয়ার কবীরের কাছে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এসব বিষয়ে অবগত নন বলে জানান। তিনি মহাপরিচালককে জিজ্ঞেস করতে বলেন।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি নিয়োগের ক্ষেত্রে কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রাখা হয়। কিন্তু এ নিয়োগের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি চেয়ে কোনো চিঠিই দেওয়া হয়নি। আর জনপ্রশাসন ও ধর্ম মন্ত্রণালয়ের দুজন প্রতিনিধি নিয়োগ-প্রক্রিয়ার শেষ পর্যন্ত সম্পৃক্ত থাকেননি।জানতে চাইলে নিয়োগ কমিটির সদস্যসচিব ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. রেজাউল করিম দাবি করেন, কাগজপত্রে নাম থাকলেও নিয়োগ-প্রক্রিয়ায় বাস্তবে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি নিয়োগ কমিটির সুপারিশপত্রে সইও করেননি। কেন সই করেননি জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।ফাউন্ডেশনের উপসচিব জালাল আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়োগের বিষয়ে সবকিছু দেখাশোনা করেন উপপরিচালক (পার্সনাল) শফিকুল ইসলাম। শফিকুল মহাপরিচালকের অনুমতি ছাড়া কোনো কথা বলতে রাজি হননি। এ নিয়োগের জন্য ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। বাকি ২৮ নম্বর মৌখিক পরীক্ষা এবং ১২ নম্বর বরাদ্দ রাখা হয় শিক্ষাগত যোগ্যতার জন্য।ফাউন্ডেশনের একাধিক সূত্র জানায়, নিয়োগ পাওয়া অনেকের লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রশ্নের জন্ম দিয়েছে। যেমন, সহকারী পরিচালক পদে নিয়োগ পাওয়া ফাহমিদা বেগম মহাপরিচালকের বোনের মেয়ে। তিনি লিখিত পরীক্ষায় ৬০ নম্বরে পেয়েছেন ৩০। কিন্তু ২৮ নম্বরের মৌখিক পরীক্ষায় তিনি পান ২৭ নম্বর। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পান ১২-তে ১১। আরেক সহকারী পরিচালক লিখিত পরীক্ষায় সাড়ে ৩৭ পান। মৌখিকে পান ২৭। আরেক সহকারী পরিচালক লিখিত পরীক্ষায় ৩২ ও মৌখিক পরীক্ষায় ২৫ দশমিক ৩৩ নম্বর পেয়েছেন।নিয়োগ পরীক্ষার নম্বরপত্র পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ পাওয়া ব্যক্তিদের অনেকেই মৌখিক পরীক্ষায় ২৮ নম্বরের মধ্যে সর্বোচ্চ ২৭ থেকে ২৮ পেয়েছেন। কিন্তু লিখিত পরীক্ষায় তাঁরা মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর পেয়েছেন। মোহাম্মদ রিজাউল করিম, মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ, মো. মহিউদ্দিন মো. হিরণ বেপারী, আবদুর রাজ্জাক ৬০ থেকে ৬৬-এর মধ্যে নম্বর পেয়ে নিয়োগ পেয়েছেন। আবার মোহাম্মদ সামসুল আরেফীন ৮৫ দশমিক ৫, মো. কামরুল হোসেন চৌধুরী ৮১, মশিউর রহমান ৮৩ দশমিক ৩৩, নূর মো. আফনান ৮২ নম্বর পেয়েও নিয়োগ পাননি।কয়েকজন আত্মীয়ের নিয়োগ: পরিচালক পদে বোনের মেয়ে ছাড়াও ফাউন্ডেশনের উৎপাদন কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন মহাপরিচালকের ভাইয়ের ছেলে মো. শাহ আলম। সূত্র জানায়, উৎপাদন কর্মকর্তার এ পদের জন্য বয়সসীমা চাওয়া হয় ৩০ বছর। কিন্তু এসএসসির সনদ অনুযায়ী শাহ আলমের বয়স এর চেয়ে বেশি। তাঁর শিক্ষাসনদ ঘষামাজা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ফাউন্ডেশনের পরিচালক তাহের হোসেনের স্ত্রীর বোনের মেয়ে শাহিনা আকতার নিয়োগ পান সহকারী পরিচালক পদে। তাঁর আরেক বোন সোনিয়া আকতার সম্প্রতি ফাউন্ডেশনের হিসাবরক্ষকের পদে নিয়োগ পেয়েছেন। শাহিনা আকতারের বিষয়ে জানতে চাইলে তাহের হোসেন বলেন, ‘সে তো মেধাবী, তার কবিতার বই এবার মেলায় বেরিয়েছে। পত্রিকায় ছবিসহ প্রকাশিত হয়েছে।’বক্তব্য: নিয়োগ কমিটির সর্বশেষ সভায় উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কেন যাইনি, সেটা আন্দাজ করে নেন। তাঁরা মনে করেছেন, আমি না থাকলেও চলবে।’ নিয়োগের সুপারিশপত্রে সই করেননি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটি খুব কঠিন প্রশ্ন। সরকারি চাকরি করি তো? উত্তর না দেওয়াই ভালো।’জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিশ্বনাথ বণিক বলেন, তিনি মৌখিক পরীক্ষা পর্যন্ত সম্পৃক্ত ছিলেন, এর পরের প্রক্রিয়া সম্পর্কে তাঁকে জানানো হয়নি। নিয়োগ-প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো দুর্বলতা না থাকলে তাঁরা আমাকে জানানোর প্রয়োজনও মনে করেননি কেন?’এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘আমি ব্যস্ত আছি। মিডিয়ার সঙ্গে আমি সাধারণত কথা কম বলি। আপনি আমার পিআরওর (জনসংযোগ কর্মকর্তা) সঙ্গে কথা বলেন।’ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা আনোয়ার কবিরকে অনিয়মের অভিযোগগুলো জানিয়ে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এসব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারব না। আপনি মহাপরিচালকের সঙ্গে কথা বলেন।’গতকাল সন্ধ্যায় মহাপরিচালককে আবার নিজের পরিচয় দিয়ে ফোন করলে তিনি বলেন, ‘আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। কেন আপনার সঙ্গে প্রশাসনিক বিষয় নিয়ে কথা বলব?’পরে রাতে তাঁর একান্ত সচিব পরিচয় দিয়ে মো. জাকির হোসাইন এই প্রতিবেদককে বলেন, ‘আপনি কী বিষয়ে জানতে চান?’ কয়েকজনের নাম উল্লেখ করে তাঁকে জানানো হয়, কম নম্বর পেয়েও এঁরা নিয়োগ পেয়েছেন। কিন্তু বেশি নম্বর পেয়েও অনেকে নিয়োগ পাননি। তিনি বলেন, ‘তাঁরা মহিলা ও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন।’ কমিটির তিনজন সদস্যের নিয়োগের সুপারিশপত্রে সই না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, তাঁদের সভায় আসার জন্য নোটিশ করা হয়েছিল। তাঁরা আসেননি। এসব বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ডিজি আমাকে বলেছেন, যেভাবে নিয়োগ হওয়ার কথা, সেভাবে হয়েছে। তার পরও বিষয়টি আমি দেখব।’