সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১১-১২) আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল সাড়ে নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ২০৮৫ ভোট পড়েছে। এখন বিরতি চলছে। এরপর ভোট গণনার কাজ শুরু হবে।নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. হারুনর-রশিদ প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, সকাল সাড়ে নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় ভোট গণনা শুরু হবে।নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী। প্রতিবারের মতো এবারও নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থক আইনজীবী প্যানেলের প্রার্থীরাই মূলত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ ছাড়া ইন্ডিপেনডেন্ট ল-ইয়ার্স ফোরাম (আইএলএফ) থেকে পাঁচজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।আওয়ামী লীগ-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে আবদুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে এস এম আবুল হোসেন এবং বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে এম বদরুদ্দোজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে জাকির হোসেন এবং আইএলএফ থেকে সম্পাদক পদে মো. শাহজাহান নির্বাচন করছেন।