সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রথম দিনের ভোট নেওয়া শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম বড় পেশাজীবী সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের (২০১৩-১৪) প্রথম দিনের ভোট নেওয়া আজ বুধবার উত্সবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। আজ সকাল ১০টা থেকে ভোট নেওয়া শুরু হয়। কাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবার ভোট নেওয়া শুরু হবে; মাঝে বিরতি দিয়ে বিকেল পাঁচটায় তা শেষ হবে। আজ বিকেলে নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. নুর হোসেন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবে প্রথম দিনের ভোট নেওয়া শেষ হয়েছে। আজ ভোট দিয়েছেন এক হাজার ৬৬২ জন। এবার মোট ভোটার চার হাজার ৪৫ জন।আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ-সমর্থিত (সাদা প্যানেল) প্যানেল থেকে সভাপতি পদে আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে রবিউল আলম নির্বাচন করছেন। অন্যদিকে, বিএনপি-জামায়াতের সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ-সমর্থিত (নীল প্যানেল) প্যানেল থেকে সভাপতি পদে এ জে মোহাম্মদ আলী ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন নির্বাচন করছেন। নির্বাচনে ১৪টি পদে দুই প্যানেলে ২৮ জন এবং স্বতন্ত্র ছয়জনসহ মোট ৩৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে ব্যারিস্টার নাজমুল হুদা ও মো. ইউনূস আলী আকন্দ নির্বাচনে লড়ছেন। তবে প্রতিবারের মতো এবারের নির্বাচনেও দুই প্যানেলের মধ্যে মূল প্রতিন্দ্বন্দ্বিতা হবে বলে ধারণা সাধারণ আইনজীবীদের।

সমন্বয় পরিষদ

সমন্বয় পরিষদ-সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি দুটি পদে সরওয়ার আহমেদ ও শেখ আওসাফুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন, সহসম্পাদক দুটি পদে মো. সুজা আল ফারুক ও মোহাম্মদ আলী আজম নির্বাচন করছেন। সদস্য সাতটি পদে আবুল কালাম আজাদ, আয়েশা ফ্লোরা, জহিরুল ইসলাম ভূঁইয়া, মো. হাবিবুর রহমান ওরফে হাবিব, গৌরাঙ্গ চন্দ্র কর, মো. আনোয়ার হোসেন ওরফে রেজা ও হোসনে আরা বেগম ওরফে বাবলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঐক্য পরিষদ

ঐক্য পরিষদ-সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি দুটি পদে এ বি এম ওয়ালিউর রহমান খান ও মো. শাহজাদা, কোষাধ্যক্ষ পদে মো. রবিউল করিম, সহসম্পাদক দুটি পদে এ বি এম রফিকুল হক তালুকদার রাজা ও মোহাম্মদ সাইফুর রহমান নির্বাচন করছেন। সাতটি সদস্য পদে আঞ্জুমান-আরা বেগম, ফাতেমা খাতুন, এম মিজানুর রহমান ওরফে মাসুম, মো. আলমগীর হোসেন, মো. কামরুজ্জামান সেলিম, মো. তাজুল ইসলাম মজুমদার ও মো. ওয়াহিদুজ্জামান ওরফে সোহেল নির্বাচনে লড়ছেন।