সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের লোক ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। খালেদা জিয়ার বাড়ির বিষয়টি আদালতের বাইরে মীমাংসা করার প্রস্তাবসংক্রান্ত খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় সৈয়দ আশরাফ সাংবাদিকদের এ কথা বলেন। গতকাল সোমবার বনানী কবরস্থানে শেখ রাসেলের কবর জিয়ারত শেষে সাংবাদিকেরা তাঁর সঙ্গে কথা বলেন। তবে খন্দকার মাহবুব হোসেন এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।সৈয়দ আশরাফ বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচন করার জন্য তাঁকে (খন্দকার মাহবুব হোসেন) মনোনয়ন দিয়েছিল ডিজিএফআই। আমরা দিয়েছিলাম শফিক সাহেবকে (বর্তমান আইনমন্ত্রী)। শফিক আহমেদ যাতে পাস করতে না পারেন, যাতে উনি (মাহবুব হোসেন) পাস করেন, তার জন্য এমন কোনো হীন কাজ নেই তৎকালীন ওয়ান-ইলেভেনের সরকার করেনি। আজকে উনি গণতন্ত্রের বড় বড় কথা বলেন। শফিক সাহেব সভাপতি না হয়ে উনি যদি (মাহবুব হোসেন) হতেন, তাহলে বাংলাদেশে গণতন্ত্র থাকত না। দেশে নির্বাচন হতো না।’খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপি আদালতের সমাধান চেয়েছে, আওয়ামী লীগ নয়। আপনার পছন্দ-অপছন্দের ওপর হাইকোর্ট রায় দেবেন, এটা তো কেউ আশা করতে পারে না। হাইকোর্টে আপনারা হেরেছেন, এখন সুপ্রিম কোর্টে যান। এটা তো সালিসির ব্যাপার নয়। এটা তো গ্রামের বিচার নয় যে আমাদের মধ্য থেকে পাঁচজন বসবে আর বিএনপির মধ্য থেকে পাঁচজন বসবে। তারা বিচার-আচার করবে কার জমি এটা, কার জমি ওটা। এটা তো সেই বিষয় নয়।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেকেই বাংলাদেশকে বাজিকরের দেশ বলেন। বাজিকরের দেশ তো হয়েছে। আমরা তো সেটা জানি। বাজিকরের দেশ শুরু হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর। এসব মিষ্টি মিষ্টি কথা আর টেলিভিশনে টকশো করে বাহ্বা নেওয়া যায়। আমরা কিন্তু সবাইকে চিনি, প্রত্যেকের নাড়ির খবর রাখি। পঁচাত্তরে কে কোথায় ছিলেন, একাত্তরে কে কোথায় ছিলেন, আইয়ুবের সামরিক শাসনামলে কে কোথায় ছিলেন, ইয়াহিয়ার আমলে কে কোথায় ছিলেন—আমরা এসব বলতে চাই না। এসব বলে জাতিকে বিভক্ত করতে চাই না।’এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ আরও বলেন, দেশটা বাজিকর, খুনি, খুনিদের রক্ষাকারী, আশ্রয়-প্রশ্রয় দানকারীদের হাতে। তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা এত সহজ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কঠিন কাজটিই করছেন। আরেক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘অনেক বিচারক অনেক কথাই বলেন। অনেক বিচারক বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে গিয়ে বিব্রত হয়েছিলেন। আমরা তাঁদের সবাইকে চিনি।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধুর যেসব খুনি বিদেশে পালিয়ে আছেন, তাঁদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।প্রতিক্রিয়া: সৈয়দ আশরাফের মন্তব্যের প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আশরাফ সাহেবের মতো দায়িত্বশীল ব্যক্তির আমার সম্পর্কে দেওয়া বক্তব্য অজ্ঞতাপ্রসূত ও অশোভনীয়। সুপ্রিম কোর্টের নির্ধারিত ওই নির্বাচনে আমি সমন্বয় পরিষদের পক্ষের প্রার্থী ছিলাম। আমার বিজয় যখন সমীচীন ছিল, তখন ডিজিএফআই নির্বাচন বন্ধ করে দেয়। কারণ, আমি নির্বাচিত হলে সংবিধান লঙ্ঘিত হয় এমন কিছু এবং আইনের শাসনের পরিপন্থী পদক্ষেপ মেনে নিতাম না। পরবর্তী সময়ে নীলনকশার নির্বাচনে শফিক আহমেদকে (আইনমন্ত্রী) বিজয়ী করা হয়।’ খন্দকার মাহবুব বলেন, ‘আশরাফ সাহেবের বক্তব্য আমি তাচ্ছিল্যের সঙ্গে প্রত্যাখ্যান করছি। তাঁর বক্তব্যের সপক্ষে যদি প্রমাণ থাকে, তাহলে তিনি তা প্রকাশ করুন।’