সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ তিন নেতার ছবি টাঙানো নিয়ে আইনজীবীদের মধ্যে পরস্পরবিরোধী অবস্থান ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে আজ রোববার প্রায় এক ঘণ্টা ধরে আইনজীবী সমিতিতে ছিল উত্তপ্ত পরিস্থিতি।সমিতির আগের সিদ্ধান্ত অনুসারে দুপুর পৌনে একটার দিকে সভাপতির কক্ষে জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর ছবি টানানো হয়। এর প্রতিবাদে সরকার-সমর্থিত আইনজীবীরা বেলা পৌনে দুইটার দিকে সমিতির সভাপতির কক্ষের সামনে জড়ো হন। এ সময় কক্ষের দরজা বন্ধ ছিল। আইনজীবীরা কক্ষের দরজা খোলার চেষ্টা করেন এবং সেখানে ছবি টাঙানোর প্রতিবাদে স্লোগান দেন। এর কয়েক মিনিট পর বিএনপির সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদোজ্জার কক্ষের সামনের জড়ো হন। সেখানে তাঁরা হরতালের সমর্থনে স্লোগান দেন।একপর্যায়ে আইনজীবীরা সভাপতির কক্ষের পেছনের দরজার দিকে যান। পেছনের দরজা ভাঙা নিয়ে সরকার-সমর্থিত ও বিরোধী দল-সমর্থিত আইনজীবীরা একে অপরের দোষারোপ করেন।প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, সরকার-সমর্থক আইনজীবীরা পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে জিয়ার ছবি নামিয়ে ফেলেন। এ সময় ছবির ফ্রেমের কাচ ভেঙে যায়। এরপর তাঁরা অন্য দুজনের ছবিও নামিয়ে ফেলেন। এ সময় সভাপতির কক্ষের সামনে পুলিশের উপস্থিতিও ছিল। সভাপতির কক্ষে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী আইনজীবীরা আরও জানান, পেছনের দরজার দিকে যাওয়ার সময় আইনজীবীরা একপক্ষ অন্যপক্ষকে ডাস্টবিন ছুড়ে মারে। এ ছাড়া ধাওয়া করার ফলে বিএনপির সমর্থক এক আইনজীবী আহত হন বলেও জানা গেছে। এ ঘটনার পর আইনজীবীদের দুই পক্ষই সমিতির উত্তর ও দক্ষিণ হলে পৃথক পৃথক সভা করে। সভায় তাঁরা এক অন্যকে দোষারোপ করেন।