সুপ্রিম কোর্ট ফতোয়া বিষয়ে আলেমদের মতামত চেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া বিষয়ে বিশেষজ্ঞ আলেমদের মতামত জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট। লিখিতভাবে তাঁদের মতামত দিতে বলা হয়। তবে তাঁরা চাইলে আদালতে এসে মৌখিকভাবে মতামত দিতে পারবেন। এ জন্য বিশেষজ্ঞ পাঁচজন আলেম মনোনীত করতে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালককে (ডিজি) বলা হয়েছে। ফতোয়া কাকে বলে, এর অবস্থান ও বাংলাদেশে এর প্রয়োগের বিষয়ে তাঁদের মতামত দিতে বলা হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ ২১ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করে এ আদেশ দেন। ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর গতকাল পঞ্চম দিনের শুনানি হয়। শুনানিতে আপিলকারীর আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, তথাকথিত ফতোয়ার নামে যে কর্মকাণ্ড হচ্ছে, তা বন্ধের জন্য আইনি প্রক্রিয়া রয়েছে। অপব্যবহার রোধের নামে ইসলামি আইনের শাসনের অবিচ্ছেদ্য অংশ ফতোয়া অবৈধ ঘোষণা করা যায় না। সংবিধানের ৩৯ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো ব্যক্তির মত প্রকাশের অধিকার রয়েছে। ফতোয়ার মানে হচ্ছে, কোনো বিষয়ে মত প্রকাশ করা। এটা মানুষের মৌলিক অধিকার। কেউ এ অধিকার কেড়ে নিতে পারে না। তবে ফতোয়ার অপব্যবহারের সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তির আওতায় আনতে হবে। আমাদের ফৌজদারি দণ্ডবিধির আওতায় তাদের শাস্তি দেওয়া যায়। তিনি আরও বলেন, ফতোয়া ইসলামের গতিশীল বিধান। নতুন উদ্ভূত সমস্যার সমাধানে ফতোয়ার সৃষ্টি। ফতোয়া ইসলামি বিচারব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সুপ্রিম কোর্টের কয়েকটি রায়ের নজির তুলে ধরে আবদুর রাজ্জাক বলেন, ভারতীয় সুপ্রিম কোর্ট ইসলামি শরিয়াহ্র বিভিন্ন বিষয়ের সমাধানকল্পে ইসলামি পণ্ডিতদের মতামত গ্রহণ করেছেন। আমেরিকান সুপ্রিম কোর্টের নজির উল্লেখ করে তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে একটি বিধানের অপব্যবহারের কারণে মূল বিধানটাই বাতিল বা অবৈধ ঘোষণা করা যুক্তিসঙ্গত নয়। মত প্রকাশের স্বাধীনতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক মানবাধিকার। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ফতোয়ার অনেক অপপ্রয়োগ হয়েছে। আর সমাজকে প্রভাবিত করে এমন ফতোয়া দেওয়া যাবে না। আমাদের দেশের প্রেক্ষাপট ও পরিস্থিতিতে বিষয়টি বিবেচনা করতে হবে। এরপর আদালত আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে সারা হোসেন এবং আপিলকারী পক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম, বেলায়েত হোসেন ও ইমরান এ সিদ্দিক উপস্থিত ছিলেন। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল দায়ের করেন। এরপর চলতি ১৪ ফেব্রুয়ারি এ বিষয়ে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে টি এইচ খান, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ, এ বি এম নূরুল ইসলাম, এম জহির, রাবেয়া ভূঁইয়া, এম আই ফারুকী ও রোকন উদ্দিন মাহমুদ রয়েছেন। ১ থেকে ৩ মার্চ এবং ৯ ও ১০ মার্চ আপিলের ওপর শুনানি হয়।