সুপ্রিম কোর্ট বারকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না: নির্বাহী কমিটি
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে (এসসিবিএ) রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি। আজ বুধবার কমিটির ডাকা এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়।সহসভাপতি এ কে এম ফজলুল হক খান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী সাধারণ সম্পাদক মো. মোশফেকুর রহমান, কোষাধ্যক্ষ এম নুরুজ্জামান হিরুসহ কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।সভায় এক প্রস্তাবে সম্প্রতি এসসিবিএ সভাপতি খন্দকার মাহবুব এবং সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদলের করা মন্তব্যের নিন্দা জানানো হয়। এতে বলা হয়, সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাহী কমিটির কোনো অনুমোদন ছাড়াই অ্যাসোসিয়েশনের নাম ব্যবহার করে বিভিন্ন মন্তব্য করছেন। এর মাধ্যমে তাঁরা যুদ্ধাপরাধী ও অবৈধভাবে দেশের সম্পদ লুণ্ঠন মামলায় অভিযুক্ত আসামি জিয়া পরিবারের সদস্যদের বিচারের হাত থেকে রক্ষা করার মিশনে শরিক হয়েছেন। -ইউএনবি