সুপ্রিম কোর্ট সংবিধানের অবৈধ অংশকে বাতিল করেছেন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্ট সংবিধান পরিবর্তন বা সংশোধন করেননি; সংবিধানের অবৈধ অংশকে বাতিল করেছেন। সুপ্রিম কোর্ট ও আদালত সংবিধান সংশোধন করতে পারেন কি না, তা নিয়ে যে বিতর্ক চলছে সে বিষয়ে তিনি এ কথা বলেন।আজ শুক্রবার ইতিহাস একাডেমী রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন আইনমন্ত্রী।আইনমন্ত্রী বলেন, এ কথা ঠিক যে সংসদই সংবিধান সংশোধন করতে পারে। কিন্তু কেউ যদি অবৈধভাবে সংবিধান পরিবর্তন করে এবং সে পরিবর্তন সংসদ অনুমোদনও করে, তবে সে সংবিধানকে পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা উচ্চ আদালতের আছে। আইনমন্ত্রী আরও বলেন, ‘ইতিহাসের সত্য তথ্য লেখার জন্য অনেক সময় আইনকেও হস্তক্ষেপ করতে হয়। মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রকাশিত হওয়ার পর থেকে ২০০৩ সাল পর্যন্ত তার তৃতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠায় স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ছিল। ২০০৪ সালে বঙ্গবন্ধুর ঘোষণার জায়গায় জিয়ার ঘোষণা অন্তর্ভুক্ত করা হয়। এটা অসত্য ইতিহাস উপস্থাপন। এ ব্যাপারে ২০০৯ সালে সুপ্রিম কোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্ট তা অবৈধ বলে রায় দেন ও বাতিল করেন।’ সম্মেলনে মূল বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এমিরেটাস অধ্যাপক এ কে এম ইয়াকুব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস একাডেমীর সভাপতি কে এম মোহসীন।