চট্টগ্রামে বিএনপির নেতা, ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার অভিযোগপত্রের ওপর করা নারাজি আবেদনের শুনানি গতকাল বৃহস্পতিবার হয়নি। মামলার অন্যতম আসামি সোবহান ড্রাইভারের পক্ষে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে বলে আসামিপক্ষ জানালে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি ৩১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আদালত সূত্র জানায়, আদালত ৩১ মার্চ আসামিপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ আনার আদেশ দিয়েছেন। না হলে ওই দিন বাদীর নারাজি আবেদনের ওপর শুনানি হবে।এ মামলার আসামি কালা মাহবুবকে রাজসাক্ষী করার ব্যাপারে আপত্তি জানিয়ে সোবহান ড্রাইভারের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০০৬ সালের ১৬ নভেম্বর এ মামলার কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। এরপর সোয়া তিন বছর এ মামলার কার্যক্রম বন্ধ ছিল। গত ১৪ ডিসেম্বর বিচারপতি এ টি এম ফজলে কবির ও বিচারপতি সোমেন্দ্র সরকারের সমন্বয়ে গঠিত অপর একটি বেঞ্চ এ স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেন। কালা মাহবুব যক্ষ্মায় আক্রান্ত হয়ে গত বছর মারা যান। ২০০৫ সালের ২৪ আগস্ট তাঁর দেখিয়ে দেওয়া জায়গা ফটিকছড়ির ফকিরটিলার পাহাড়ি এলাকা থেকে জামালউদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র্যাব। তিনি ২০০৫ সালের ৮ আগস্ট মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি ১৭ জনকে জড়িয়ে বক্তব্য দেন, যেখানে বিএনপিদলীয় সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজামের নামও ছিল। ২০০৩ সালের ১৩ জুলাই রাতে নগরের চকবাজার থেকে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় যাওয়ার পথে অপহূত হন জামালউদ্দিন। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় এক কোটি টাকা। কয়েক লাখ টাকা দেওয়াও হয় সন্ত্রাসীদের। কিন্তু জামালউদ্দিনকে হত্যা করে লাশ পুঁতে রাখে সন্ত্রাসীরা। চাঞ্চল্যকর এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আনোয়ার হোসেন ২০০৬ সালের ১০ জুলাই ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মারুফ নিজামের নাম ছিল না। এ অভিযোগপত্রের ব্যাপারে আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী নিহত জামালউদ্দিনের স্ত্রী নাজমা আক্তার খানম।