সুপ্রিম কোর্টে ওকালতনামা বিক্রির ৫০ লাখ টাকা তছরুপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা করতে হলে ওকালতনামা লাগে। যত মামলা কমপক্ষে ততটি ওকালতনামা। প্রতিটি ওকালতনামায় আইনজীবী সমিতির সিল থাকতে হয়। সুপ্রিম কোর্টে ওকালতনামা থেকে প্রতিদিন গড়ে আয় হওয়ার কথা ৫০ হাজার টাকার বেশি। কিন্তু গড় আয় দেখানো হচ্ছিল প্রায় অর্ধেক। ফলে বছরে প্রায় ৫০ লাখ টাকা তছরুপের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা গত রাতে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা যাচাই করে দেখছি। নতুন কমিটি দায়িত্ব নিয়েই ওকালতনামায় সিল দেওয়া ও অর্থ আদায় ব্যবস্থাপনায় বিরাট পরিবর্তন আনে। যারা এ দায়িত্ব আগে পালন করত, তাদের আমরা সরিয়ে দিয়েছি। সম্পাদক ও কোষাধ্যক্ষের যৌথ সইয়ে সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখায় একটি নতুন হিসাবও খোলা হয়েছে। শুধু ওকালতনামা বিক্রি বাবদ অর্থ এই হিসাবে জমা রাখা হচ্ছে।’সমিতির সম্পাদক গত বছরের মার্চ থেকে এ বছরের মার্চ পর্যন্ত কোন ধরনের কতটি মামলা দায়ের করা হয়েছে, সে তথ্য জানতে চেয়ে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের কাছে চিঠি দেন। সমিতি মনে করে, এই তথ্য পাওয়া গেলে গত বছর কী করে মাত্র ৩৭ হাজার ওকালতনামা বিক্রি দেখানো হলো, সেটা স্পষ্ট হবে। সমিতির পক্ষ থেকে ১০ আইনজীবীকে মামলার সংখ্যা নিরুপণের দায়িত্ব দেওয়া হয়েছে।তবে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০০৮ সালে শুধু হাইকোর্ট বিভাগেই ৫৩ হাজার ২২০টি মামলা দায়ের হয়েছে, আপিল বিভাগে এই সংখ্যা এক হাজার ৩২৭। ফলে ওই এক বছরে ওকালতনামা বাবদ প্রায় দেড় কোটি টাকা আয় হওয়ার কথা।সমিতির ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী এক গণআবেদনে এ ঘটনার সুষ্ঠু সুরাহা দাবি করেছেন। ওকালতনামা বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট দুজন কর্মচারীকে বদলি করা হয়েছে। এঁদের একজন প্রথম আলোকে বলেন, তিনিও এর তদন্ত চান এবং দোষী সাব্যস্ত হলে সাজা মাথা পেতে নিতে ইচ্ছুক। এই দুজন অনেক বছর ধরে ওকালতনামায় সিল দেওয়ার কাজ করেছেন। তাঁরা সুপ্রিম কোর্ট শাখা সোনালী ব্যাংকে অর্থ জমা করার দায়িত্বও পালন করেন। তিন বছর আগে ওকালতনামার ফি ১৫০ টাকা থেকে ২৫০ টাকায় উন্নীত করা হয়।গত ১০ এপ্রিল থেকে প্রতিটি ওকালতনামায় লাগানো হচ্ছে বিশেষ ধরনের নিরাপত্তা স্টিকার। এই স্টিকারে তারিখ ও সময় উল্লেখসহ স্বতন্ত্র ক্রমিক থাকছে।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আগে যন্ত্র দিয়ে ওকালতনামায় সমিতির শুধু সিল পড়ত। কোনো ক্রমিক থাকত না। এখন আমরা প্রযুক্তির সাহায্য নিয়েছি।’ সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।২০০৯-১০ সালে মাত্র ৩৭ হাজার ওকালতনামা বিক্রি দেখানো হয়। অথচ এই সময়ে সুপ্রিম কোর্টে মামলা দায়েরের ঘটনা দ্বিগুণেরও বেশি বলে মনে করেন আইনজীবীরা।গত ১০ এপ্রিল নতুন নিয়ম চালুর পরদিনই এক লাখ ৯৭ হাজার ২৫০ টাকার ওকালতনামা বিক্রি হয়। এখন প্রতি সপ্তাহে গড়ে আয় হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকা। গতকাল পর্যন্ত পাঁচ সপ্তাহে ২৫ লাখ টাকা আয় হয়েছে। অথচ এর আগের এক বছরে মোট আয় দেখানো হয় ৯২ লাখ টাকা।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪৯। এর মধ্যে একজন অবসরে গেছেন, দুজন অভিযুক্ত। বাকি ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী সমিতির কাছে এক যৌথ আবেদনে কথিত অর্থ আত্মসাতের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁরা মনে করেন, গুটি কয়েকজনের জন্য তাঁরা সবাই বদনাম কুড়াতে রাজি নন।