সুপ্রিম কোর্টে জরিপের তথ্য-উপাত্ত পাঠিয়েছে টিআইবি
সুপ্রিম কোর্টের চিঠির পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক জরিপের প্রতিবেদন ও তথ্য-উপাত্ত পাঠিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পত্রবাহকের মাধ্যমে জরিপের তথ্য-উপাত্ত পাঠানো হয়।টিআইবির পরিচালক (যোগাযোগ) রিজওয়ান-উল-আলম জানান, জরিপ প্রতিবেদনের তথ্য-উপাত্ত সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। এতে প্রশ্ন-উত্তর কণিকাসহ পাঁচটি প্রতিবেদন পাঠানো হয়েছে।সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা দুপুর পৌনে দুইটার দিকে প্রথম আলোকে বলেন, ‘এইমাত্র টিআইবির জরিপ প্রতিবেদন-সংক্রান্ত তথ্য-উপাত্ত হাতে পেয়েছি।’টিআইবির সাম্প্রতিক জরিপের প্রতিবেদন ও তথ্য-উপাত্ত চেয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গত মঙ্গলবার চিঠি পাঠানো হয়।প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর সেবা খাতে দুর্নীতিসংক্রান্ত টিআইবির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সাধারণ মানুষকে ১৩টি সেবা খাতের মধ্যে বিচার বিভাগে গিয়ে সবচেয়ে বেশি হয়রানি, অনিয়ম, ঘুষ দেওয়া তথা দুর্নীতির শিকার হতে হয়েছে।