সুপ্রিম কোর্টে তথ্য অধিকার
তথ্য অধিকার আইনের আওতায় সবসাংবিধানিক প্রতিষ্ঠানে তথ্য অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টে তথ্য অধিকার আইনের আওতায়আসবে কি না এ নিয়েবিতর্ক হচ্ছে।সম্প্রতি ভারতে দিল্লি হাইকোর্ট এক রায়ে বলেছেন, সেখানকার প্রধান বিচারপতির কার্যালয় তথা সুপ্রিম কোর্ট তথ্য অধিকার আইনের আওতায়আসবে। আমাদের দেশে আইনবিদেরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাবেক বিচারপতি, সাবেক আইনমন্ত্রী, আইন কমিশনের চেয়ারম্যান, বার কাউন্সিলের সহসভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জ্যেষ্ঠ আইনজীবীদের মতামত তুলে ধরা হলো। সাক্ষাত্কার নিয়েছেন তানজিম আল ইসলাম মো. আবদুর রশিদ সাবেক বিচারপতিচেয়ারম্যান, বাংলাদেশ আইন কমিশনযেকোনো পাবলিক অফিস তথ্যের অবাধ প্রাপ্তির ক্ষেত্রের আওতায় আনা উচিত। প্রজাতন্ত্রের যেকোনো প্রতিষ্ঠানেরই তথ্য জানার অধিকার যে কারও আছে। এখানে তথ্য অধিকার আইনের আওতায় আসা উচিত। সব সাংবিধানিক প্রতিষ্ঠানেই তথ্য অধিকার আইনের আওতায় আসবে। সুপ্রিম কোর্ট এ আইনের আওতার বাইরে থাকবে—এ যুক্তি সমর্থন করা যায় না। এ প্রতিষ্ঠানও প্রজাতন্ত্রের অফিস। যেখানে সরকারি অফিস, সরকারি তহবিল এবং কর-সংশ্লিষ্টতা রয়েছে; সুতরাং সে সম্পর্কে সবার তথ্য জানারও অধিকার রয়েছে। ভারতের দিল্লি হাইকোর্ট এ বিষয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট তথ্য অধিকার আইনের আওতায় আসবে। সেখানে যে বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছে তা হলো, বিচারকদের সম্পত্তির হিসাব। বিচারকেরা সম্পত্তির হিসাব দেবেন অন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মতো। এ আইন প্রয়োগের ক্ষেত্রে সেখানকার প্রধান বিচারপতির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন আদালত।আমাদের দেশে প্রধান বিচারপতিকেই সম্পত্তির বিবরণী দেওয়া উচিত আগে। যেখানে প্রধানমন্ত্রী তাঁর সম্পত্তির বিবরণী প্রকাশ করেন, সেখানে প্রধান বিচারপতি বাদ থাকবেন কেন? মামলা-সংক্রান্ত যেকোনো তথ্য এবং রায়ের কপি জনগণ পেতে পারে বর্তমান নিয়মানুযায়ী। কিন্তু এখন সুপ্রিম কোর্টের টেন্ডার এবং সম্পত্তির হিসাব জনগণকে জানতে দেওয়া উচিত। সরকার যদি আমাদের কাছে এ বিষয়ে সুপারিশ পাঠায় তথ্য অধিকার আইনে সুস্পষ্টভাবে সংযোজন করার জন্য, কমিশন তাতে সুপারিশ করবে।কাজী এবাদুল হক সাবেক বিচারপতিমামলা-মোকদ্দমা নিয়ে যেকোনো ধরনের তথ্য রেজিস্ট্রারের কার্যালয় থেকে যে কেউ নিতে পারেন। এ বিষয়গুলো কীভাবে সহজতর করা যায়, সে বিষয়ে নজর দেওয়া উচিত। তবে তথ্য অধিকার আইন আর সুপ্রিম কোর্টের রুলস অনুযায়ী কোনো দ্বন্দ্ব হবে কি না, তা দেখতে হবে। কারণ, তথ্য অধিকার আইনে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে এ আইন প্রয়োগের কথা বলা আছে। তবে সাধারণ নিয়মানুযায়ী, সুপ্রিম কোর্ট তথ্য অধিকার আইনের আওতায় আসে না। কারণ, প্রধান বিচারপতির দপ্তরকে অনেক প্রশাসনিক কাজ করতে হয়, যেখানে বিচারিক কাজের সম্পর্ক নেই। এ বিষয়গুলো প্রধান বিচারপতির নিজস্ব এখতিয়ার। অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা জনস্বার্থে গোপন রাখতে হয়। কিন্তু অন্যান্য বিষয়ে সাধারণ বিচারপ্রার্থীদের তো তথ্য পাওয়ার অধিকার রয়েছে। বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে দেখা উচিত। সৈয়দ আমিরুল ইসলাম সাবেক বিচারপতিসুপ্রিম কোর্ট তথ্য অধিকার আইনের আওতায় আসবে। তথ্য অধিকার আইনানুযায়ী, সব সাংবিধানিক প্রতিষ্ঠানে এ আইন বলবত্ হবে। সুপ্রিম কোর্ট মানে এখানে প্রধান বিচারপতির ভূমিকাই মুখ্য। প্রধান বিচারপতি তথ্যের অবাধ ক্ষেত্রটি উন্মুক্ত করে দিতে পারেন। তবে বিচারাধীন মামলা-সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতেও কোনো সমস্যা নেই। যেকোনো বিচারপ্রার্থী এবং তাঁদের আইনজীবীর মামলার রায়, আদেশের কপি প্রভৃতি বিষয়ে জানতে অসুবিধা নেই। আদালতের যেকোনো দলিল জনদলিল (পাবলিক ডকুমেন্ট)। তবে এ ক্ষেত্রটি আরও সহজতর করা উচিত। একটি বিষয়ে খেয়াল রাখা উচিত, অন্যান্য প্রতিষ্ঠানে যেমন অবাধ তথ্য অধিকার নিশ্চিত করা যাবে, সুপ্রিম কোর্টে তেমনটি হবে না—এটাই স্বাভাবিক। কারণ, এখানে রাষ্ট্রের স্বার্থ-সংশ্লিষ্ট অনেক মামলা-মোকদ্দমাও থাকে, যা সাধারণ জনগণের জানার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। কিছু আইনেও বিধিনিষেধ আছে। আবার বিচারাধীন কোনো মামলা-মোকদ্দমা নিয়েও কোনো তথ্য কেউ অপব্যবহার করতে পারেন। তাই এখানে তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা একটু সীমিত হবে। তাই বলে এই নয় যে, সুপ্রিম কোর্টে তথ্য অধিকার একেবারেই বন্ধ থাকবে। ভারতে তথ্য অধিকার আইন অনেক শক্তিশালী। সুপ্রিম কোর্টের বিষয়ে সেখানেও নানা বিতর্ক হচ্ছে। প্রশাসনিক ও বিচারিক বিষয়ে এ আইন বলবত্ হতে পারে আমাদের দেশে। তথ্য কর্মকর্তা নিয়োগের বিষয়ও ভাবা যেতে পারে। মওদুদ আহমদ সাবেক আইনমন্ত্রী এক অর্থে সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও আমরা একে স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান হিসেবেই গণ্য করে থাকি। তথ্য অধিকার আইন সুপ্রিম কোর্টেও প্রয়োগ হতে পারে। এখানেও অন্যান্য প্রতিষ্ঠানের মতো তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া যেতে পারে। তবে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা উচিত। কারণ, সুপ্রিম কোর্টের নানা প্রশাসনিক কাজও রয়েছে। এ দিক থেকে তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা কেমন হবে, তা আমাদের কাছে নতুন। ভারতে এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। ভারতের সঙ্গে তুলনা উচিত হবে না। তবে সুপ্রিম কোর্টে তথ্য অধিকার নিশ্চয়তার বিষয়ে সাম্প্রতিক বিতর্ক থেকে আমাদেরও কিছু সিদ্ধান্ত পর্যবেক্ষণ করে দেখা যেতে পারে। যদিও নিয়মানুযায়ীই মামলা-সংক্রান্ত যেকোনো দলিল জনগণের তথা বিচারপ্রার্থীদের পাওয়ার নিশ্চয়তা রয়েছে। এ বিষয়গুলো কীভাবে অধিকতর সহজ করা যায়, তা নিয়ে ভাবতে হবে। এখন এটি প্রধান বিচারপতির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। আশা করি, প্রধান বিচারপতি অন্য বিষয়গুলোর সঙ্গে এ বিষয়টিকে প্রাধান্য দেবেন।এম জহির জ্যেষ্ঠ আইজীবীতথ্য অধিকার আইনের আওতায় সুপ্রিম কোর্ট আসবে না। সুপ্রিম কোর্ট একটি ভিন্ন প্রতিষ্ঠান। এখানে সাধারণ নিয়মানুযায়ীই বিচারপ্রার্থীদের মামলা-সংক্রান্ত যেকোনো ধরনের তথ্য পেতে অসুবিধা নেই। মামলার রায়ের নকলসহ যাবতীয় কাগজ বিচারপ্রার্থী এবং আইনজীবীরা সরবরাহ করতে পারেন। এখানে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে না। তথ্য কর্মকর্তার কাজ কী, তা তো পরিষ্কার নয়। অন্যান্য প্রতিষ্ঠানে আগে শুরু হোক, তখন দেখা যাবে এর প্রয়োজনীয়তা। ভারতের কথা ভিন্ন। সেখানকার প্রধান বিচারপতি বলেই দিয়েছেন, সুপ্রিম কোর্ট তথ্য অধিকার আইনের আওতায় আসবে না। আবদুল বাসেত মজুমদার সহসভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলসুপ্রিম কোর্টে তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা রয়েছে। তবে আরও উন্মুক্ত করতে হবে। এ ক্ষেত্রে একজন তথ্য কর্মকর্তা নিয়োগের প্রয়োজন রয়েছে বলে মনে করি। এতে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে আদালত অঙ্গনে। বিভিন্ন মামলা-মোকদ্দমার বিষয়ে তথ্য পাওয়ার ক্ষেত্রে এখন যে পদ্ধতি রয়েছে, এর ফলে আরও সহজ হয়ে উঠবে। সুপ্রিম কোর্টের রায়সহ বিভিন্ন দলিল-দস্তাবেজ জনগণেরই দলিল। এখানে গোপন কিছু নেই। তবে অনেক বিষয় রয়েছে, যা জনস্বার্থেই প্রকাশ করা উচিত নয়। তথ্যের অধিকার নিশ্চিত করা হলেও অনেক বিষয়ে কিছু সীমাবদ্ধতা রাখতে হবে। আমাদের ভাবতে হবে সাধারণ বিচারপ্রার্থীদের কথা। তাঁরা বিচারপ্রাপ্তিতে কী ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে হবে। আ ফ ম মেসবাহউদ্দিন সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসুপ্রিম কোর্ট তথ্য অধিকার আইনের আওতায় আসে না। আদালতে উন্মুক্ত বিচার হয়। এখানে বিচারপ্রার্থীদের মামলা-সংক্রান্ত যেকোনো বিষয়ে যেকোনো তথ্য জানার অধিকার প্রচলিত নিয়মেই নিশ্চিত করা আছে। তথ্য অধিকার আইন প্রয়োগ করতে গেলে প্রধান বিচারপতির যে প্রশাসনিক কাজ রয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দেবে। বিচারক নিয়োগ, বদলি—এসব বিষয়ে আগাম কোনো তথ্য দেওয়া হলে একধরনের অরাজকতা দেখা দিতে পারে। অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সুপ্রিম কোর্টকে মেলালে হবে না। তথ্য কর্মকর্তা নিয়োগেরও প্রয়োজন আছে বলে মনে করি না। রেজিস্ট্রারের কার্যালয়কে আরও শক্তিশালী কীভাবে করা যায়, তা নিয়েই ভাবা উচিত। এখানে প্রধান বিচারপতির একক সিদ্ধান্ত যেমন অনেকাংশে রয়েছে, তেমনি অনেক বিষয় ফুল কোর্টের সিদ্ধান্ত ছাড়াও হয় না। বিচারবিভাগীয় আলাদা সচিবালয় হলে তথ্যের নিশ্চয়তা আরও ব্যাপক হবে। আদালতের বিচারকাজ কোনোভাবেই গোপনে করা হয় না। তবে বিচার-সংক্রান্ত নানা তথ্য-উপাত্ত জানার ক্ষেত্রে সহজতর উপায় খোঁজা উচিত। শাহ্দীন মালিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টতথ্য অধিকারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কেন বাদ যাবে, তা আমার বোধগম্য নয়। তবে প্রশাসনিক অনেক ক্ষেত্র রয়েছে, যাতে কিছুটা সীমাবদ্ধতা থাকবে। যেমন, জিএ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ) কমিটি কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তা হয়তো আগাম জানা যাবে না। কিন্তু জিএ কমিটি তাদের কমিটিতে কী সিদ্ধান্ত নিল, তার একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা উচিত। কোন বেঞ্চে কয়টি মামলা নিষ্পত্তি হলো, মামলার গুণাগুণ কেমন ছিল, কয়টি জামিন হলো, জামিনের কারণ—এ বিষয়গুলো সাধারণের জানার অধিকার রয়েছে। বিচারাধীন মামলার বিষয়ে কিংবা বিচার সমাপ্ত হয়ে গেলেও রায়ের কিংবা আদেশের কপি পেতে হলে আইনজীবী হিসেবে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। এগুলো দূর করা উচিত। নিম্ন আদালতের ক্ষেত্রে কোন জেলায় কয়টি মামলা নিষ্পত্তি হয়েছে, কয়টি বিচারাধীন রয়েছে— সুপ্রিম কোর্ট থেকে এ তথ্য সরবরাহ করা উচিত। রেজিস্ট্রারের কার্যালয় থেকে জানা গেলেও অনেকে রেজিস্ট্রারের কার্যালয় পর্যন্ত পৌঁছাতেই পারেন না। এ বিষয়ে জানার ক্ষেত্রে তথ্য কর্মকর্তার মতো একটি পদ সৃষ্টি করা যেতে পারে। সম্প্রতি ভারতের দিল্লি হাইকোর্টের রায় এ ক্ষেত্রে ইতিবাচক। সেখানকার সংবাদপত্রগুলোও এর ইতিবাচক দিক নিয়ে লিখেছে। এ নিয়ে বিতর্ক হচ্ছে। যদিও তথ্য অধিকারের বিষয়ে তারা অনেক উন্নতি করেছে। আমাদেরও এ থেকে কিছু পদ্ধতি নিতে কোনো অসুবিধা নেই।