সুপ্রিম কোর্টে তিন লাখ ৩০ হাজার মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
বাংলাদেশ সুপ্রিম কোর্টে বর্তমানে তিন লাখ ৩০ হাজার ৮৩১টি মামলা বিচারাধীন আছে। এর মধ্যে আপিল বিভাগে পাঁচ হাজার ২৬০টি এবং হাইকোর্ট বিভাগে তিন লাখ ২৫ হাজার ৫৭১টি মামলা বিচারাধীন আছে। গত জানুয়ারি পর্যন্ত এ পরিসংখ্যান পাওয়া গেছে। আজ সোমবার জাতীয় সংসদে সাংসদ নাছিমুল আলম চৌধরীর এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ এ তথ্য জানান।বেগম তহুরা আলীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, গত অর্থবছরে পাঁচ হাজার ৯৫৩ জন পুরুষ, তিন হাজার ১৭৫ জন নারী এবং ৩২টি শিশুসহ নয় হাজার ১৬০ জনকে সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনগত সহায়তাদান নীতিমালার অধীনে আইনমন্ত্রীকে প্রধান করে ১৯ সদস্যবিশিষ্ট জাতীয় আইন সহায়তা সংস্থা গঠন করা হয়েছে। জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তাকে এ সংস্থার পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক জেলায় জেলা ও দায়রা জজকে চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে সদস্য সচিব করে জেলা কমিটি গঠন করা হয়েছে। ২০০৯ সালে জেলা কমিটি এ ধরনের দুই হাজার ৩৫০টি ফৌজদারি মামলায় আইনি সহায়তা দিয়েছে।সাংসদ আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার জন্য গত ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমানকে চেয়ারম্যান করে একজন সার্বক্ষণিক ও পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ করে পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে।এর আগে বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।