সুপ্রিম কোর্টে দুর্নীতির কারণ অনুসন্ধানে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে বিচার বিলম্বসহ মামলাভুক্ত জনগণের হয়রানি ও দুর্নীতির কারণ অনুসন্ধানে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে কমিটি করা হয়েছে। গতকাল রোববার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এ কমিটি গঠন করেন।সুপ্রিম কোর্টের প্রথম সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রধান বিচারপতি নিজ প্রজ্ঞায় ও বিবেচনায় সুপ্রিম কোর্টে বিচার বিলম্বসহ মামলাভুক্ত জনগণের হয়রানির কারণ অনুসন্ধানে এবং প্রতিকার সম্পর্কে সুপারিশ প্রণয়নের জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন।’আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক, বিচারপতি এ কে এম ফজলুর রহমান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।সুপ্রিম কোর্ট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টে বিচার বিলম্বসহ মামলাভুক্ত জনগণের হয়রানি ও দুর্নীতির কারণ অনুসন্ধান এবং সম্ভব হলে দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের শনাক্তকরণসহ ওইগুলো নিরসনের জন্য করণীয় নির্ধারণে ওই কমিটি গঠন করা হয়েছে। সূত্র জানায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রায় সাত হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। হাইকোর্ট বিভাগে বিচারাধীন প্রায় তিন লাখ ১৩ হাজার মামলা। সূত্রমতে, সারা দেশের আদালতগুলোয় প্রায় ১৫ লাখ মামলা বিচারাধীন।প্রসঙ্গত, গত বছরের ২৩ ডিসেম্বর প্রকাশিত টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ ২০১০-এর ফলাফলে বলা হয়, বিচারপ্রার্থীদের মধ্যে ৮৮ শতাংশ মানুষকেই ঘুষ দিতে হয় এবং তাদের নানা অনিয়মের শিকার হতে হয়। এই জরিপ প্রতিবেদন মূল্যায়নের জন্য সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করেন। কমিটি ১৮ জানুয়ারি প্রধান বিচারপতির কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, টিআইবির তথ্যের ওপর নির্ভর করে বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত কাউকে ঘুষ অথবা হয়রানির সঙ্গে জড়িত বলে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে টিআইবির প্রতিবেদনে বিচার বিভাগের দুর্নীতির সঠিক তথ্য অনুপস্থিত থাকলেও বিচার ব্যবস্থাপনায় নানা ধরনের দুর্নীতি যে বিরাজমান, তা অস্বীকার করার উপায় নেই। এরপর ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা জানান, বিচার বিভাগে দুর্নীতি অনুসন্ধানে প্রধান বিচারপতি একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।