সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হলো তথ্য কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের জন্য তথ্য আইন প্রযোজ্য হবে কি না—সেই প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে দ্বন্দ্বে ছিলেন। এমনকি বলেছিলেন, এই আইন তাঁদের জন্য নয়। কিন্তু তা চ্যালেঞ্জ হয়। দিল্লি হাইকোর্টের রায়ে তাঁদের সিদ্ধান্ত ভুল ঘোষিত হয়। বাংলাদেশ সেদিকে যায়নি। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ২০০৯ সালের তথ্য অধিকার আইনের ১০ ধারার আওতায় গত ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেন। তথ্য কমিশনকেও যথারীতি তা অবহিত করা হয়।দেশে তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার পর থেকে সুপ্রিম কোর্ট এই আইনের আওতায় আসবে কি না, এ নিয়ে অবশ্য বিতর্ক দেখা দিয়েছিল। অবশেষে এই আইনের অধীন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো। আইনবিদেরা এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। আইন অধিকারের সঙ্গে সাক্ষাৎ কারে তাঁরা তথ্য কর্মকর্তা নিয়োগকে ইতিবাচক সিদ্ধান্ত বলে মত প্রকাশ করেছেন। সাবেক বিচারপতি কাজী এবাদুল হক বলেন, আইন অনুযায়ীই তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো। এটা ভালো সিদ্ধান্ত, তবে যাঁকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি কতটা দক্ষতার সঙ্গে কাজ করবেন, কীভাবে তথ্য প্রদান নিশ্চিত করবেন, এর ওপরই সুফল বহন করছে। উপযুক্ত জায়গায় উপযুক্ত লোক বসাতে হবে।সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, এটি ইতিবাচক সিদ্ধান্ত। আদালতে কোন মামলায় কী রায় হলো, রায়ে কী এল, মামলার অবস্থা ইত্যাদিসহ প্রশাসনিক অনেক বিষয় নিশ্চিত করার দায়িত্ব থাকবে এ কর্মকর্তার। তবে এর সুফল নির্ভর করবে এ কর্মকর্তাকে কতটা স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে তার ওপর এবং তার কর্তৃপক্ষের ওপর।ড. এম জহিরও এ নিয়োগ দেওয়াকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এর ফলে গণমাধ্যমের জন্য তথ্য প্রাপ্তিতে সুবিধা হবে। ফলে সঠিক তথ্যটিও যাচাই-বাছাই করার সুযোগ বেড়ে যাবে।আইন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মতিন খসরুর মতে, এটি ভালো উদ্যোগ। সাধারণ নাগরিকের সব তথ্য পাওয়ার অধিকার রয়েছে। তাঁর মতে, সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রকাশ্য আদালতে বিচার শুনানির সুযোগ রয়েছে। এ ঐতিহাসিক পদক্ষেপের ফলে এ সুযোগ বেড়ে যাবে। সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্ত অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্যও দৃষ্টান্ত স্থাপন করবে। তথ্য জানার অধিকার নাগরিকের মৌলিক অধিকার।সুপ্রিম কোর্টই এ মৌলিক অধিকার বাস্তবায়নে এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক বলেও তিনি মত দেন। আইনজীবী শাহ্দীন মালিক বলেন, সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্তের মাধ্যমে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলেন। তবে সবকিছুরই অবকাঠামোগত পরিপূর্ণতা আসতে একটু সময় লাগবে। আদালতকে বিচারপ্রার্থীবান্ধব হতে হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটকে আরও আধুনিক করা উচিত। কোনো উল্লেখযোগ্য রায়ের সংক্ষিপ্ত সারমর্ম প্রকাশ করা উচিত বলে তিনি মনে করেন। তিনি বিচার বিভাগীয় কর্মকর্তাকে নিয়ে তথ্য কর্মকর্তা নিয়োগের বিষয়ে বলেন, অন্যান্য দেশে যাঁরা বিচার বিভাগীয় প্রশাসনে কর্মরত থাকেন, তাঁদের আর জজিয়তি করার সুযোগ থাকে না। তাঁদের প্রশাসনিক দিকেই থাকতে হয়। আমাদের দেশেও এ ব্যবস্থা প্রবর্তন করতে হবে।