সুপ্রিম কোর্টে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে প্রধান বিচারপতির নির্দেশ
সুপ্রিম কোর্ট ভবনে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার নিশ্চিত এবং তাদের প্রতি সংবেদনশীল আচরণ করার জন্য সুপ্রিম কোর্টের কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে রেজিস্ট্রারের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। আজ ২ ফেব্রুয়ারি আইনজীবী, মানবাধিকার কর্মী ও আইন সহায়তা প্রদানকারী সংগঠনের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় তিনি এ নির্দেশ দেন।প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত্কালে প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, প্রতিবন্ধীরা সমাজের অন্যতম প্রান্তিক গোষ্ঠী এবং রাজনৈতিকভাবে ক্ষমতাহীন হওয়ায় বিচার পাওয়ার ক্ষেত্রে তারা প্রাতিষ্ঠানিক, তথ্যগত ও আচরণগত বিভিন্ন বাধার সম্মুখীন হয়। এর মধ্যে চলাফেরার প্রতিবন্ধকতা অন্যতম। বিশেষ করে সিঁড়ি দিয়ে ওঠা-নামা, ফুটপাথে চলাফেরা এবং যানবাহনে চলাচলের ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এ জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিবন্ধীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে দেশের সর্বোচ্চ আদালতে এ সংক্রান্ত বাধাগুলো দূর করার অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি সুপ্রিম কোর্ট ভবনে প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে র্যাম্প স্থাপন এবং প্রতিবন্ধীদের প্রতি সংবেদনশীল আচরণ করার বিষয়ে সুপ্রিম কোর্টের কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক মহসিন আলী খান, আইনজীবী সারা হোসেন, ব্র্যাকের পরিচালক (হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল সার্ভিস) ফসটিনা পেরেরা, ন্যাশনাল কাউন্সিল অব ডিজেবল্ড ওমেনের (এনসিডিডব্লিউ) সমন্বয়ক ফিরোজা খাতুন, রুহুল কুদ্দুস, মোশাররফ হোসেন ও খোন্দকার শাহরিয়ার সাকির। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল। বিজ্ঞপ্তি।