সুপ্রিম কোর্টে প্রতিবেদনের তথ্য-উপাত্ত পাঠিয়েছে টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের চিঠির পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক জরিপের প্রতিবেদন ও তথ্য-উপাত্ত পাঠিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পত্রবাহকের মাধ্যমে জরিপের তথ্য-উপাত্ত পাঠানো হয়। যোগাযোগ করা হলে টিআইবির পরিচালক (জনসংযোগ) রিজওয়ান-উল-আলম জানান, জরিপ প্রতিবেদনের তথ্য-উপাত্ত সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। এতে প্রশ্ন-উত্তর, সম্ভাব্য উত্তরসহ জরিপ সংক্রান্ত তথ্য পাঠানো হয়েছে।এ ব্যঅপারে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার বদরুল আলম ভুঞা দুপুর পৌনে দুইটার দিকে প্রথম আলোকে জানান, ‘মাত্র টিআইবির জরিপ প্রতিবেদন সংক্রান্ত তথ্য-উপাত্ত হাতে পেয়েছি।’ গতকাল মঙ্গলবার টিআইবির সাম্প্রতিক জরিপের প্রতিবেদন ও তথ্য-উপাত্ত চেয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। ডেপুটি রেজিস্ট্রার বদরুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘২৪ ডিসেম্বর বিভিন্ন দৈনিকে বিচার বিভাগের দুর্নীতি-সংক্রান্ত সংবাদ আমাদের নজরে এসেছে। এ বিষয়ে অবগত হয়েছি। প্রতিবেদনের অনুলিপি ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করে বাধিত করবেন। যেসব তথ্য-উপাত্ত ও সাক্ষাত্কারের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে, তা সরবরাহ করে সহযোগিতা করুন। অভিযোগের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’টিআইবির প্রতিবেদন: টিআইবি ২৩ ডিসেম্বর সেবা খাতে দুর্নীতিসংক্রান্ত এক প্রতিবেদনে বলেছে, দেশের ১৩টি সেবা খাতের মধ্যে বিচার বিভাগে গিয়ে সবচেয়ে বেশি হয়রানি, অনিয়ম, ঘুষ দেওয়া তথা দুর্নীতির শিকার হয়েছে সাধারণ মানুষ। ২০০৯-১০ সালে বিচারপ্রার্থীদের ৮৮ শতাংশ শুনানির সময় নির্ধারণ থেকে শুরু করে নথিপত্র গায়েব, উেকাচ দেওয়াসহ নানা অনিয়মের শিকার হয়েছে। নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত—বিচার বিভাগের প্রতিটি স্তরে ঘুষের দৃষ্টান্ত থাকলেও জরিপের শীর্ষে রয়েছেন উচ্চ আদালত।২০০৯ সালের ৯ জুন থেকে এ বছরের ২০ জুলাই পর্যন্ত দেশের সব বিভাগীয় শহর ও গ্রামাঞ্চলের ছয় হাজার খানার (পরিবার) ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১০’ প্রকাশ করা হয়। টিআইবি বলছে, ২০০৭ সালের খানা জরিপে ৪৭ দশমিক ৭ শতাংশ পরিবার বিচার বিভাগের দুর্নীতির শিকার হয়েছিল। কিন্তু এ দফায় তা বেড়েছে। জরিপে অংশ নেওয়াদের শতকরা ১০ দশমিক ৯ শতাংশ বিচার বিভাগ থেকে সেবা নিয়েছে। তাদের ৮৮ শতাংশ দুর্নীতির শিকার হয়েছে।টিআইবির প্রতিবেদনে বলা হয়েছিল, জুন ২০০৯ থেকে মে ২০১০ পর্যন্ত যারা বিচার বিভাগের শরণাপন্ন হয়েছে, তাদের মধ্যে ৮৮ শতাংশ মানুষ ঘুষ ও অনিয়মের শিকার। ২০০৭ সালের তুলনায় এই হার অনেক বেশি। তিন বছর আগে পরিচালিত ওই জরিপে ৪৭ দশমিক ৭ শতাংশ মানুষ ঘুষ ও অনিয়মের শিকার হয়।