দৈনিক আমার দেশ প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলার পরবর্তী শুনানি কাল মঙ্গলবার। আজ প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি গ্রহণ করে এ দিন ধার্য করেন।সকাল সোয়া নয়টায় মাহমুদুর রহমানকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আপিল বিভাগে হাজির করা হয়। পরে ১০টা ৫৫ মিনিটে শুনানি শেষ হলে ১১টার দিকে তাঁকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। আদালত অবমাননার অভিযোগে পত্রিকাটির সাংবাদিকসহ অপর চারজনও আজ আদালতে হাজির ছিলেন। এঁরা হলেন—পত্রিকাটির প্রকাশক হাশমত আলী, উপসম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকী এবং বিশেষ প্রতিবেদক অলিউল্লাহ নোমান।সকাল নয়টা ৫০ মিনিটে শুনানিতে অংশ নিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামের প্রতিবেদনটি পড়ে শোনান। তিনি বলেন, গত ২ মে আসামিদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। এ মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই ১০ মে মাহমুদুর রহমান ‘স্বাধীন বিচারের নামে তামাশা’ নামে আরেকটি নিবন্ধ লেখেন। একটি আবেদন জমা দিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ওই নিবন্ধটিও আদালত অবমাননার শামিল। আদালত বলেন, যখন সম্পাদক নিজের নামে লিখছেন তখন তাঁর অধীনস্তদের ওপর কীভাবে এর দায় বর্তায়?এম কে রহমান বলেন, বার্তা সম্পাদকসহ প্রশাসকেরও দায়িত্ব আছে। আদালত বলেন, আবেদনে কী প্রার্থনা করা হয়েছে, সে বিষয়টি উল্লেখ করা হয়নি। এম কে রহমান এ পর্যায়ে আবেদন সংশোধন করে দেওয়ার কথা জানান। এ পরিপ্রেক্ষিতে আদালত কাল শুনানির দিন নির্ধারণ করেন।