সুপ্রিম কোর্টে সরাসরি কর্মকর্তা-কর্মচারী নিয়োগপ্রক্রিয়া স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে সরাসরি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের চলমান প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নির্দেশে গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।সূত্র জানায়, এমএলএসএস পদে নিয়োগের জন্য ৭৫৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গতকাল দুই পালায় সকাল ১০টা ও বেলা আড়াইটা থেকে হওয়ার কথা ছিল। চারটি পরীক্ষা বোর্ডের মাধ্যমে ৯৩ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষার বিষয়ে নোটিশও টাঙানো ছিল। সকালের পালায় ৩৭২ জন প্রার্থীর পরীক্ষাও নেওয়া হয়। তবে দুপুর সোয়া ১২টার দিকে এ মৌখিক পরীক্ষা স্থগিত করায় বিকেলের পালার পরীক্ষা হয়নি।যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম শহীদ আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘কিছু প্রার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এরপর পরীক্ষা স্থগিত করা হয়। টেলিফোনে প্রধান বিচারপতিকে সামগ্রিক অবস্থা বর্ণনা করেছি। তিনি সাময়িকভাবে মৌখিক পরীক্ষা বন্ধের নির্দেশ দেন। এরপর পরীক্ষা স্থগিত করা হয়।’ এ ব্যাপারে পরে নোটিশ দেওয়া হবে বলে তিনি জানান।এদিকে বেলা আড়াইটায় নির্ধারিত মৌখিক পরীক্ষা না হওয়ায় পরীক্ষা দিতে আসা প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি জানতে তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কক্ষের সামনে ভিড় করেন। মো. জামাল হোসেন নামের এক প্রার্থী বলেন, ‘মৌখিকভাবে পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছে। এ ব্যাপারে কোনো নোটিশ দেওয়া হয়নি, কারণও জানানো হয়নি।’চলমান নিয়োগপ্রক্রিয়া আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়ে আইন মন্ত্রণালয় থেকে ১৪ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠানো হয়। চিঠিতে সরাসরি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সরকার-নির্ধারিত কোটাপদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, সে তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়।দায়িত্বশীল সূত্র জানায়, বিশেষ বাহক মারফত পাঠানো ওই চিঠি সুপ্রিম কোর্টে পৌঁছায় ১৪ সেপ্টেম্বর বিকেলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রধান বিচারপতিকে জানানো হয়। তবে কর্মদিবস শেষ হয়ে যাওয়ায় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়নি। পরদিন ৭৪৬ জন প্রার্থীর পূর্বনির্ধারিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।