সুপ্রিম কোর্টে সরাসরি কর্মচারী নিয়োগ স্থগিত রাখতে চিঠি
সুপ্রিম কোর্টে সরাসরি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের চলমান প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে আইন মন্ত্রণালয়। এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে আইনি জটিলতা পরিহারের উদ্দেশ্যে এ নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়েছে।আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মিয়াজী শহিদুল আলম চৌধুরী স্বাক্ষরিত চিঠিটি গত মঙ্গলবার বিশেষ বাহক মারফত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবরে পাঠানো হয়। চিঠিতে সরাসরি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সরকার-নির্ধারিত কোটাপদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, সে তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।চিঠিতে আরও বলা হয়, সব সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকার-নির্ধারিত কোটাপদ্ধতি যথাযথভাবে অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে।চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানান, নিয়োগের ক্ষেত্রে ২০০৯ সাল থেকে কোটা পূরণ করা হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার কে এম শহীদ আহম্মেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে বলে শুনেছি। তবে কাগজপত্র না দেখে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল সুপ্রিম কোর্টের এমএলএসএস পদে ৭৪৬ জনের মৌখিক পরীক্ষা নেওয়ার নির্ধারিত দিন ছিল। রেজিস্ট্রার কার্যালয়ের বিপরীত দিকের দেয়ালে এ পরীক্ষাসংক্রান্ত নোটিশও সাঁটানো দেখা যায়। এতে প্রার্থীদের ক্রমিক নম্বর উল্লেখ ছিল। বিকেলেও পরীক্ষার্থীদের কাগজপত্র হাতে সারিতে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। সূত্র মতে, গতকাল মৌখিক পরীক্ষা হয়েছে।সূত্র আরও জানায়, এমএলএসএসের ৩৭টি পদে নিয়োগ পরীক্ষা আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। এর আগে গত আগস্টে এমএলএসএস, দারোয়ান, গাড়িচালক ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে ৩০ জনের বেশি নিয়োগ দেওয়া হয়।সূত্রমতে, সুপ্রিম কোর্টের কর্মকর্তা পদের মধ্যে বিচারপতিদের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারী পদের মধ্যে এমএলএসএস, পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, স্টেনো টাইপিস্ট—এসব পদে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ সরাসরি নিয়োগ দিয়ে থাকে।সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টে এসব পদে নিয়োগের এখতিয়ার কেবল প্রধান বিচারপতির। নিয়োগবিধিতে কোটা পূরণের বিষয়টি নেই।