সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ ‘গায়েব’ হয়ে যাওয়ায় আটকে আছে চট্টগ্রামের বিএনপির নেতা ও ব্যবসায়ী জামালউদ্দিন হত্যা মামলার কার্যক্রম।দুই দফায় পাঠানোর পরও সুপ্রিম কোর্টের আদেশ চট্টগ্রামের আদালতে না পৌঁছানোয় শঙ্কিত নিহত জামালউদ্দিনের বড় ছেলে ও মামলার বাদী চৌধুরী ফরমান রেজা। তাঁর শঙ্কা, আদেশ গায়েব করে দেওয়ার সঙ্গে তাঁরা বাবার হত্যায় জড়িত প্রভাবশালী মহলটির হাত রয়েছে। আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আবদুস সোবহান (সোবহান ড্রাইভার) নামে অভিযোগপত্রভুক্ত এক আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে আলোচিত এই হত্যা মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। বিষয়টি পরে আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ ওই আসামির আবেদন খারিজ করে দেন। এ-সংক্রান্ত আদেশ ওই বছরের ১৩ এপ্রিল সাধারণ ডাকযোগে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। কিন্তু সেটাও পৌঁছায়নি। মামলার বাদী বিষয়টি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় অবহিত করেন। এরপর গত ১৯ জুলাই দ্রুত ডাকযোগে (গ্যারেন্টেড এক্সপ্রেস পার্সেল) আদেশটি আবার চট্টগ্রামের আদালতে পাঠানো হয়। এর পাঁচ মাস পেরিয়ে গেলেও সেটাও পৌঁছায়নি। জানতে চাইলে চট্টগ্রাম আদালতের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মঈন উদ্দীন বলেন, জামালউদ্দিন হত্যা মামলাসংক্রান্ত সুপ্রিম কোর্টের কোনো আদেশ এখনো তাঁদের হাতে আসেনি। ২০০৩ সালের ১৩ জুলাই রাতে চট্টগ্রাম শহর থেকে অপহূত হন ব্যবসায়ী জামালউদ্দিন। এরপর তাঁর পরিবারের কাছ থেকে মুক্তিপণও আদায় করে দুর্বৃত্তরা। তখন এ ঘটনা গণমাধ্যমে ব্যাপক আলোচিত খবর ছিল। এরপর ২০০৪ সালের ১ নভেম্বর এ ঘটনায় কালা মাহবুব নামের একজন দুর্বৃত্তকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ২০০৫ সালের ৮ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার বিবরণ দেন। তাতে ১৭ জনকে জড়িয়ে বক্তব্য দেন। এর মধ্যে বিএনপির তৎকালীন সাংসদ (আনোয়ারা-পটিয়া) সরওয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজামেরও নাম ছিল।পরে কালা মাহবুবের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০০৫ সালের ২৪ আগস্ট ফটিকছড়ির কাঞ্চননগরের পাহাড়ি এলাকা থেকে জামালউদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র্যা ব। ২০০৬ সালের ১০ জুলাই সিআইডি ১৬ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেয়। তাতে মারুফ নিজামের নাম না থাকায় ওই বছরের ৯ আগস্ট মামলার বাদী চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে নারাজি দেন এবং অধিকতর তদন্তের আবেদন করেন। এরপর আসামি আবদুস সোবহানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের ১৬ নভেম্বর মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। ২০০৯ সালের ১৪ ডিসেম্বর ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেন আরেকটি বেঞ্চ। ওই আদেশের বিরুদ্ধে সোবহান আপিল বিভাগে যান। আপিল বিভাগ ২০১১ সালে তাঁর আবেদন খারিজ করে দেন।নিহত জামালউদ্দিনের ছেলে চৌধুরী ফরমান রেজা প্রথম আলোকে বলেন, সুষ্ঠু তদন্ত হলে তাঁর বাবার হত্যায় জড়িত হিসেবে অনেক প্রভাবশালীর নাম বেরিয়ে আসবে। তিনি অভিযোগ করেন, বিগত বিএনপি সরকারের আমলে তৎকালীন একাধিক মন্ত্রী ও সাংসদ এই মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। ওই চক্রের তৎপরতা এখনো বন্ধ হয়নি।জামালউদ্দিন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে দুজন—শহীদুল ইসলাম ওরফে ডাকাত শহীদ ও নুরুল ইসলাম কারাগারে আছেন। প্রধান আসামি ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ঘটনার পরপরই বিদেশে পালিয়ে যান। সোবহান ড্রাইভার জামিনে মুক্ত আছেন। কালা মাহবুব অসুস্থ হয়ে ২০০৯ সালে কারাগারে মারা যান। শওকত নামের আরেক আসামি ২০১০ সালের ৭ নভেম্বর র্যা বের ক্রসফায়ারে নিহত হন। বাকি আসামিরা পলাতক আছেন।