সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরানো হলো বিচারপতিদের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইট করা হলেও তা নামমাত্রই। কোনো পূর্ণাঙ্গ অবকাঠামো ও তথ্য সাইটটিতে নেই। শুরুতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের ছবি, ২০০৮ সালের সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন এবং সংবিধানের ৫ম সংশোধনী মামলার হাইকোর্ট বিভাগের রায়সহ কয়েকটি উল্লেখযোগ্য রায়ের কপি দেওয়া হলেও তা সরিয়ে নেওয়া হয়েছে। এখন আপিল বিভাগ ও হাইকোর্টের কয়েকটি বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকা দেওয়া হচ্ছে, তাও পূর্ণাঙ্গ নয়। বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশ কোডের লিংক দেওয়া থাকলেও এতে পূর্ণাঙ্গ কিছু নেই। এ সাইটটিতে রয়েছে প্রধান বিচারপতির ছবি ও অন্য বিচারপতিদের জীবনবৃত্তান্ত। আছে বিচার বিভাগ পৃথক্করণের সংক্ষিপ্ত ইতিহাস। সঙ্গে রয়েছে সুপ্রিম কোর্ট ভবনের কিছু ছবি। এ ছাড়া কোর্ট ফি-সংক্রান্ত কিছু তথ্য এবং ফরম দেওয়া আছে। সাইটটি ভিজিট করলে পুরোনো তথ্য ছাড়া আর নতুন কিছুই পাওয়া যায় না। ১৪ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘জামিনে ব্যাপক অনিয়ম’ শিরোনামের প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট বেঞ্চের দুই বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের ছবি প্রকাশ করা হয়। এ প্রতিবেদন প্রকাশের পরই সুপ্রিম কোর্টের সাইট থেকে উভয় বিভাগের বিচারপতিদের ছবি অপসারণ করা হয়। সঙ্গে আদালতের বার্ষিক প্রতিবেদনটিও সরিয়ে নেওয়া হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ছবি-সংবলিত এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর কয়েকজন বিচারপতি ও আইনজীবীর তীব্র প্রতিক্রিয়া এবং আপত্তির কারণেই ছবি ও তথ্য সরিয়ে নেওয়া হয়েছে। আরও জানা গেছে, আইনজীবীদের একটি অংশ দৈনন্দিন কার্যতালিকা দেওয়া হোক, তাও চাইছেন না। আবার অনেকে গুণগত মানের দিকে ততটা সমৃদ্ধ নয়, এ অজুহাতে রায়গুলো প্রকাশে বিরোধিতা করছেন।