সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাকিং: দুই তরুণ গ্রেপ্তার
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল থেকে মিজানুর রহমান ও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে রাসেল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।র্যাব সদর দপ্তরের কর্মকর্তারা জানান, ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করা হয়। ঘটনাটি তদন্ত করে র্যাব জানতে পারে, এই হ্যাকিংয়ের পেছনে সাতজনের একটি দল রয়েছে। গ্রেপ্তারের পর র্যাবের জিজ্ঞাসাবাদে মিজানুর ও রাসেল জানান, হ্যাকিংয়ে জড়িত তাঁরা দুজনসহ চারজন দেশে, দুজন সৌদি আরব এবং একজন কুয়েতে অবস্থান করছেন। মিজানুর জানান, বাংলাদেশের কোনো ওয়েবসাইট বাইরের দেশ থেকে হ্যাক করলে তাঁরা প্রতিরোধ করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ইউরোপের একটি দেশ থেকে হ্যাক করা হয়েছে। এই হ্যাকিং ঠেকানোর জন্য তাঁরাও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রবেশ করেছিলেন। এতে তাঁরা র্যাবের কাছে ধরা পড়ে যান।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল জানান, গ্রেপ্তার হওয়া দুজনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তাঁরা শুধু কম্পিউটার বিষয়ে চর্চা করে অনেক কিছু শিখেছেন। এই শিক্ষা বিপথে লাগাচ্ছেন।আজ সুপ্রিম কোর্টের কোর্ট কিপার রহুল আমিন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছেন।