সুপ্রিম কোর্টের চারপাশে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহার করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন। অন্যথায় এ ব্যাপারে প্রধান বিচারপতির কাছে অনুরোধ করা হবে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় সভাপতির কক্ষে এক ব্রিফিংয়ে জয়নুল আবেদিন এই দাবি জানান। জয়নুল বলেন, ‘সভাপতি হিসেবে জোরাল দাবি জানাচ্ছি, সুপ্রিম কোর্টের চারদিকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাহার করুন। নতুবা সারা দেশের আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে।’ বিএনপির নেতাদের জামিন নিয়ে গতকালের ঘটনার বর্ণনা তুলে ধরে জয়নুল বলেন, সুপ্রিম কোর্ট দেশের মানুষের আশা-ভরসা, আশ্রয়স্থল। প্রধান বিচারপতি সংবিধানের অভিভাবক। বিচারপ্রার্থীদের আদালতে বিচার চাইতে আসার অধিকার রয়েছে। তিনি বলেন, কয়েক দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুপ্রিম কোর্টের চারদিক ঘেরাও করে রেখেছে। ক্লায়েন্টরা (বিএনপির নেতারা) আদালতে আসতে নিরাপত্তহীনতায় ভুগছেন। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, গেট থেকে তাঁদের গ্রেপ্তার করা হবে। আবেদনকারীরা আসতে না পারায় জামিনের দরখাস্ত করতে পারিনি। ব্রিফিংয়ের সময় আইনজীবী কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে দুপুরে বিএনপি সমর্থক আইনজীবীরা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ও চলমান বিষয়গুলো নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমিতি ভবনের সামনে সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, সরকার ইলিয়াস আলীকে গুম করে ক্ষান্ত হয়নি, গণতন্ত্রকে গুম করতে চায়। বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাদের হয়রানি করছে। মিথ্যা মামলা দিয়ে কোনো সরকার আন্দোলন থামাতে পারেনি, এ সরকারও পারবে না । আইনের আশ্রয় নেওয়ার অধিকার সংবিধান দিয়েছে। বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুমকি দিয়ে তিনি বলেন, আন্দোলন চলছে, চলবে।