সুপ্রিম কোর্টের ভুল ধরলেন জামায়াত নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, সংবিধানের পঞ্চম সংশোধনীসংক্রান্ত রায়ে সুপ্রিম কোর্ট রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে সংবিধানের মূল কাঠামো বলে বিবেচনা করে ভুল করেছেন। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাদ ও সমাজতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছিল।আজ রোববার দুপুরে রাজধানীর বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজহারুল ইসলাম এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আজহারুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। আবার সেই রায়ে আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন করার মতামত দেন। জামায়াত মনে করে, এটিও সুপ্রিম কোর্টের আরেকটি ভুল রায়। আদালতের এ স্ববিরোধী রায়কে পুঁজি করে আওয়ামী লীগ তা নিজেদের সুবিধামতো ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে।সংবিধান সংশোধনে সুপারিশ প্রস্তাবে ১২ নম্বর দফাকে আজহারুল এক ও তিন নম্বর দফার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন। এক নম্বর দফায় সংবিধানের শুরুতেই বিসমিল্লাহ ও তিন নম্বর দফায় রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে রাখার সুপারিশ করা হয়েছে। অথচ ১২ নম্বর ধারায় ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। আজহারুল ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে কোরান-সুন্নাহবিরোধী মতবাদ বলে উল্লেখ করেন। সংশোধনীতে সংবিধানের ৩৮ ধারায় ধর্মভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ আরোপের বিধি সংযোজন করা হয়েছে। জামায়াত মনে করে, জনগণ এ প্রস্তাব মেনে নেবে না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল ও মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অটুট রাখতে সংবিধানের ২৫ (২) ধারা বহাল রাখার দাবি জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।