সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের রায় ‘দূরদর্শী ও সাহসী’।আজ মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে সুরঞ্জিত সেন এ কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এটা সাহসী রায়, দূরদর্শী রায়। এটি একটি প্রসপেক্টাস জাজমেন্ট। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তা সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।’সুরঞ্জিত সেন বলেন, বিশেষ কমিটিও নীতিগতভাবে একমত যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অনন্তকালের জন্য থাকতে পারে না। সাবেক প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব থেকে দূরে রাখার বিষয়ে আদালতের পরামর্শকে সমর্থন জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘এখন বল এসে পড়েছে রাজনীতিকদের কোর্টে। তাই বিশেষ কমিটি পুরো এ বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবে।’১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে যোগ করা হয়। এর পর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে এ সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হচ্ছে। আদালত এ সংশোধনীটি বাতিল করেছেন।বিশেষ কমিটির কো-চেয়ারম্যান আরও বলেন, অনন্তকালের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকতে পারে না। বিশেষ কমিটির অনেক সদস্য মত দিয়েছেন, এ সরকারের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন হতে পারে। প্রয়োজনে রাষ্ট্রপতির অনুমোদনসাপেক্ষে তা আরও ৩০ দিন বাড়ানো যেতে পারে।সুরঞ্জিত বলেন, এ রায়ের কারণে বিশেষ কমিটির প্রতিবেদন তৈরিতে একটু দেরি হতে পারে। তবে আগামী অধিবেশনেই এ প্রতিবেদন দেওয়া হবে। সেই সঙ্গে এ-সংক্রান্ত খসড়া বিল উত্থাপন করা হবে।সংসদে প্রতিবেদন দেওয়ার পরই সংবিধান সংশোধনে গঠন করা বিশেষ কমিটি বিলুপ্ত হয়ে যাবে বলে জানান সুরঞ্জিত সেনগুপ্ত।প্রসঙ্গত, গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্ততে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের সংবিধান সংশোধনে বিশেষ এ কমিটি গঠন করা হয়।