সুপ্রিম কোর্টের সঙ্গে টিআইবির এক ঘণ্টা আলোচনা
বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে টিআইবির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের আলোচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আলোচনা হয় বলে জানা গেছে। বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে টিআইবির পাঠানো উত্তর-সংবলিত প্রশ্নগুলো সঠিক অনুধাবন ও মূল্যায়নের জন্য আলোচনা করতে সুপ্রিম কোর্টে তাঁদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণে সাড়া দিয়ে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যদের কমিটির সঙ্গে আলোচনায় অংশ নেন। তবে অসুস্থ থাকায় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফ্ফর আহমদ যেতে পারেননি। বিকেল সাড়ে চারটা থেকে এক ঘণ্টা এই রুদ্ধদ্বার আলোচনা হয়। ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। প্রতিবেদনটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহায়ক হবে। এর ওপর ভিত্তি করে বিচার বিভাগ যদি দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার অগ্রগতি ত্বরান্বিত হবে।’ এ ব্যাপারে ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা প্রথম আলোকে বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনায় টিআইবির প্রতিবেদনকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। এর ওপর ভিত্তি করে কমিটির পক্ষ থেকে জরিপের প্রশ্ন ও জরিপ পদ্ধতি সম্পর্কে জানতে চাওয়া হয়। টিআইবির পক্ষ থেকে বলা হয়, জরিপ বিজ্ঞানের উৎকর্ষ নিশ্চিত করে—এমন সব পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এর দিকগুলোও ব্যাখ্যা করা হয়। জানতে চাওয়া হয়, বিচার বিভাগ বলতে কী বোঝানো হয়েছে। জবাবে টিআইবির পক্ষ থেকে বলা হয়, বিচার পেতে গিয়ে যাদের সঙ্গে যোগাযোগ হয়, এমন ব্যক্তি, প্রতিষ্ঠান ও কার্যালয়কে বোঝানো হয়েছে। কমিটির পক্ষ থেকে হয়রানি ও অনিয়মের শিকার এমন ব্যক্তির মামলার নম্বর রয়েছে কি না জানতে চাওয়া হয়। জবাবে টিআইবির পক্ষ থেকে বলা হয়, বিচার বিভাগসহ বিভিন্ন সেবা খাতে সেবা নিতে গিয়ে মানুষ যে ধরনের হয়রানির শিকার হয়, তার সার্বিক চিত্র তুলে ধরাই ছিল গবেষণার উদ্দেশ্য। ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি বিষয়বস্তু ছিল না। দুর্নীতি বলতে কী বোঝানো হয়েছে, এমন প্রশ্নের জবাবে বলা হয়, মামলার কাগজপত্র উত্তোলন, রায়ের কপি উত্তোলন ও মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতাকে বোঝানো হয়েছে। ঘুষ নিয়েছেন এমন ব্যক্তির নাম সংগ্রহ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে টিআইবির পক্ষ থেকে বলা হয়, এমন নাম সংগ্রহ করা হয়নি। মামলার নম্বর ও কাদের দ্বারা প্রতারিত হয়েছেন, এসব তথ্য সংগ্রহ করা হয়নি। কারণ ব্যক্তি বিশেষের দুর্নীতি চিহ্নিত করা টিআইবির এখতিয়ারভুক্ত নয়।