সুপ্রিম কোর্টের সম্পত্তি, ছয়জনকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের রায় অনুসারে কোর্টের সম্পত্তির মধ্যে অবস্থিত সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা সম্পত্তি ও স্থাপনা রেজিস্ট্রারের কাছে বুঝিয়ে দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী, শিশু একাডেমীর পরিচালক, ঢাকা জেলা প্রশাসক, পূর্ত ও যোগাযোগসচিব এবং কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্রতি এই নোটিশ পাঠানো হয়। ১৫ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে দখল বুঝিয়ে দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।নোটিশে বলা হয়, গত ১০ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রায় দিয়েছিলেন। রায়ে ভারত সম্রাটের নামে রেকর্ডকৃত ৫৫ একর জায়গা যেখানে গভর্নর হাউস এবং পরে পূর্ব পাকিস্তান হাইকোর্ট স্থাপিত হয়েছিল, সেই সম্পত্তিকে সুপ্রিম কোর্টের সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। রায়ের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগ এবং শিশু একাডেমীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হলে শুনানি শেষে তা খারিজ হয়। নোটিশে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের ওই সম্পত্তি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা সাত দশমিক শূন্য নয় একর ও দুই দশমিক তিন সাত একর সম্পত্তি এবং সেখানে নির্মিত স্থাপনা এখনো সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়া হয়নি।