সুপ্রিম কোর্টের সম্পত্তি উদ্ধারের নির্দেশ কেন নয়
সুপ্রিম কোর্টের সম্পত্তি উদ্ধার ও ব্যবস্থাপনায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জরিপের মাধ্যমে সুপ্রিম কোর্টের সীমানা নির্ধারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ. মো জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। ১০ দিনের মধ্যে আইনসচিব, যোগাযোগসচিব, ভূমিসচিব, গৃহায়ণ ও গণপূর্তসচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, ঢাকার জেলা প্রশাসক, ভূমিবিষয়ক সহকারী কমিশনারকে (কোতোয়ালি সার্কেল) এ রুলের জবাব দিতে বলা হয়েছে।সুপ্রিম কোর্টের সম্পত্তি রক্ষার নির্দেশনা চেয়ে দুই আইনজীবী জনস্বার্থে রিটটি করেন। রিট আবেদনে অভিযোগ করা হয়, সুপ্রিম কোর্টের কিছু জায়গা দখল হয়ে আছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।