সুপ্রিয়ার চোখে সুচিত্রা
গত ঈদ উপহার-এ উত্তম কুমারকে নিয়ে সুপ্রিয়া দেবীর স্মৃতিচারণা লিখেছিলাম। আজ কথা হবে সুচিত্রা সেনকে নিয়ে। উত্তম-সুচিত্রা জুটির মতো জনপ্রিয় জুটি কি বাংলা চলচ্চিত্রের জগতে আছে আর একটাও?সুপ্রিয়াদিকে বলি, এবার সুচিত্রা সেন সম্পর্কে বলো, উত্তম-সুচিত্রা জুটি সম্পর্কে বলো।আসলে আমি যতটা সাধারণ, রমাদি (সুচিত্রা সেন) ততটাই অসাধারণ। অপার্থিব সুন্দরী, এতটাই সুন্দরী যে চোখ ফেরানো দায়। তাঁর সৌন্দর্যের কাছে যেন তাঁর অভিনয়-প্রতিভাও ম্লান হয়ে গেছে।তাঁর সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল?রমাদি আর আমি ঘনিষ্ঠ বন্ধু। আমাদের মধ্যে কখনোই হিংসা-বিদ্বেষ কাজ করত না। যখনই স্টুডিওতে দেখা হতো, তখনই আমি উত্তম-সুচিত্রা একসঙ্গে আড্ডায় মেতে উঠতাম। অনেক সময় শুটিংয়ের কথা ভুলেই যেতাম, কত যে পরিচালকের বকা খেতাম। তবে রমাদি সব ব্যাপারে অনেক সচেতন ছিলেন, বিশেষ করে, তাঁর (সুচিত্রা সেন) ইমেজের ব্যাপারে। কখনো কখনো আড্ডার মধ্যেও রমাদি যেন সুচিত্রা হয়ে উঠতেন, আর তখনই আমি বলতাম, ‘ওরে বাবা, সুচিত্রা সেন, (সর্বপ্রজন্মের হার্টথ্রুব) আমি যাই, টা-টা, বাই-বাই।’ আর ওমনি ওঁরা দুজন একসঙ্গে ডেকে উঠতেন, ‘এই বেনু, দাঁড়া। না শুনলে বলতেন, এই কালী কালী, দাঁড়া, শুনে যা।’ আমি শুনতাম না, হাসতে হাসতে বেরিয়ে যেতাম, ওদের একসঙ্গে থাকতে দিতাম। ওরা যে উত্তম-সুচিত্রা। গায়ের রং ময়লা বলে সবাই আমায় কালী বলত, অসুন্দরী বলত। ধীরে ধীরে এই ধারণাটা আমার মনে গেঁথে যায়, কিন্তু আমি পরোয়া না করে মনের জোরে এগিয়ে যাই।একে একে বসু পরিবার থেকে সিস্টার, অগ্নিশপথসহ শত শত ছবিতে স্বমহিমায় অভিনয় করে যান এই ধ্রুপদি সুন্দরী। কালী থেকে হয়ে যান সুপ্রিয়া দেবী।আরও সুচিত্রা-উত্তমের গল্প বলো, শুনতে আমার ভীষণ ভালো লাগে।সেবার আমার খুব জ্বর। কাঁপুনি দিয়ে জ্বর আসছিল। অবস্থা এমন যে বেশ কদিন শুটিংও করতে পারছিলাম না। তোর দাদাও (উত্তম কুমার) শুটিং প্যাকআপ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষে আমার অনুরোধে ও শুটিং করতে যায়। মাঝদুপুরে আমি জ্বরে কাতরাচ্ছি, হঠাৎ আমার কপালে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে আমি চোখ মেলে তাকিয়েই দেখি সুচিত্রা সেন দাঁড়িয়ে। আমার এত জ্বর দেখে রমাদি ভীষণ রেগে যান। ‘কিরে, অত জ্বর বাধালি কী করে, আর উত্তু (উত্তম কুমার) বলল ডাক্তার দেখাসনি, কোনো ওষুধপত্তরও খাসনি, নিজের শরীর নিয়ে অত উদাসীন হলে হয়?’ বলেই আমায় ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকেন। আমার শরীর এতটাই দুর্বল ছিল যে আমি বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না। অগত্যা সুচিত্রা সেন নিজে ফোন করে বাড়িতে ডাক্তার এনে আমাকে দেখিয়ে তবেই শান্ত হন। আমাকে খাবার খাইয়ে, ওষুধ খাইয়ে তবেই তিনি ফিরে যান। যাওয়ার আগে কড়া নির্দেশ দিয়ে যান, আমি যেন সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং না করি এবং সময়মতো ওষুধ খাই। যে কদিন আমি অসুস্থ ছিলাম, তার প্রতিদিনই তিনি আমায় দেখতে আসতেন, না হয় ফোনে খবর নিতেন। এমনই মধুর ছিল আমাদের সম্পর্ক।এতই যখন সম্পর্ক, তাহলে উত্তম-সুচিত্রা-সুপ্রিয়া একসঙ্গে কোনো ছবি হলো না কেন?হয়নি, তবে হতে পারত কিংবা হওয়া উচিত ছিল। তবে হওয়ার কথা ছিল। দেবদাস। ‘উত্তম’ দেবদাস, ‘সুচিত্রা’ পারু আর ‘আমি’ চন্দ্রমুখী। কিন্তু সেই দেবদাস আর হয়নি। পরে অবশ্য দেবদাস হয়েছে, কিন্তু সেখানে আমি ছিলাম না, আসলে রমাদি রাজি হননি। অনেক ভালোবাসা থাকা সত্ত্বেও কোনো এক বিচিত্র কারণে তিনি কখনোই আমার সঙ্গে অভিনয় করতে চাইতেন না। শুধু আমি কেন, অন্য কোনো নায়িকার সঙ্গেই অভিনয় করতে চাইতেন না। উনি বরাবরই সেসব ছবিতে অভিনয় করতেন, যেখানে নায়িকা হিসেবে শুধুই সুচিত্রা সেন। আসলে সুচিত্রা সেন সারা জীবন সবার কাছে সুচিত্রা যেন হয়েই থাকতে চাইতেন, যেমনটা আছেন তিনি। জাগতিক সব মোহ ছেড়ে উনি একাকী জীবন বেছে নিয়েছেন; যা আমার পক্ষে কোনো দিনই সম্ভব নয়। আমি নিজের বয়সটাকে, সময়টাকে মেনে নিয়েছি; উনি যেটা নিতে পারেন না কিংবা চান না। আমি একাকিত্ব কিন্তু সহ্য করতে পারি না, আর পারি না বলেই অভিনয় করি; যাতে তোদের সঙ্গে, সহশিল্পীদের সঙ্গে হেসে-খেলে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি।তোমার সঙ্গে সুচিত্রা সেনের কবে দেখা হয়েছে? কেমন আছেন উনি?সম্ভবত বছর দুই হবে। আগে প্রায়ই যেতাম, আড্ডা মারতাম। গল্প করতাম। এখন আর যাওয়া হয় না। আমারও তো বয়স হয়েছে। আমার যদি ৭৬ হয়, তবে রমাদি এখন ৮৬; উনি আমার চেয়ে ১০ বছরেরও বড়।কথাচ্ছলে জানা গেল সুচিত্রা সেন উত্তম কুমারের চেয়েও দুই বছরের বড়। সর্বকালের এই স্বপ্নকুমারী কীভাবে এই নিঃসঙ্গ জীবনযাপন করছেন, ভাবতেই ব্যথায় মনটা ভরে ওঠে। কারও সঙ্গে দেখা করেন না। টিভি দেখেন না, রেডিও শোনেন না, এমনকি টেলিফোনেও কথা বলেন না।সুপ্রিয়া দেবীকে রেখে যখন ফিরে এলাম, তখনও আমার মনে ভিড় করে আছেন তাঁরা তিনজন। মনে মনে ভাবি, ওঁদের অভিনীত ছবিগুলো আবার দেখতে হবে।