‘সুফিয়া কামাল একটি প্রেরণা। সেই প্রেরণা নিয়ে মানবমুক্তির আন্দোলনে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব।’ গতকাল রোববার বিকেলে দীপ্ত প্রত্যয়ের সঙ্গে শহীদ মিনার থেকে এ ঘোষণা দিলেন সামাজিক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। কবি সুফিয়া কামালের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।অনুষ্ঠানের শুরুতেই ‘আগুনের পরশমণি’ গানটি গেয়ে শোনান সুস্মিতা আহমেদ। ইফফাত আরা দেওয়ান পরিবেশন করেন ‘আমারে তুমি অশেষ করেছ’ ও ‘কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে’ গান দুটি। ৬৬টি বেসরকারি সংস্থার জোট সামাজিক প্রতিরোধ কমিটির এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম। আলোচনা করেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক প্রমুখ।বক্তারা বলেন, সুফিয়া কামাল সামাজিক আন্দোলন ও নারী আন্দোলনের বোধকে রাজনৈতিক চেতনার সঙ্গে একীভূত করেছিলেন।আলোচকেরা জাতীয় সংসদের নারীর আসনসংখ্যা এক শতে উন্নীত ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানান। আলোচনার পর সুফিয়া কামালের জীবন ও কর্ম নিয়ে মানজিরে হাসিন নির্মিত প্রামাণ্যচিত্র অপরাজিতা প্রদর্শন করা হয়।এ ছাড়া ছায়ানট সন্ধ্যায় তাদের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে ধানমন্ডির নিজস্ব মিলনায়তনে।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকালে আজিমপুরে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ এবং গুলশানের কার্যালয়ে জোটের সম্পাদক তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।হেনা কবীর স্মৃতি পদকবাংলাদেশ টেলিভিশনের প্রথম উপস্থাপিকা হেনা কবীরের স্মরণে আলোচনা সভা, স্বর্ণপদক প্রদান ও সংগীতানুষ্ঠানের আয়োজন ছিল গতকাল রোববার সন্ধ্যায়। জাতীয় জাদুঘর মিলনায়তনে এ আয়োজন করে হেনা কবীর স্মৃতি সংসদ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক পরমাণুবিজ্ঞানী ড. জসীম উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন সৈয়দ মার্গুব মোরশেদ। আলোচনা করেন লে. জে. (অব.) হারুণ উর রশীদ, ড. আবদুল হাদী, হামিদা আলী, আহমদ শরীফ প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহীদুল হক খান।বক্তারা হেনা কবীরের সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণা করেন এবং সুস্থ সংগীতের বিকাশে তাঁর ব্যক্তিগত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সংগীতচর্চায় রেবেকা সুলতানা, লায়লা নাজনীন হারুণ, মেহেরুন আহমেদ, আবদুর রহমান, রাজীব, টিভি সংবাদপাঠে অনিমা দাস ও সমাজকর্মে জাফর আহমেদ চৌধুরীকে পদক দেওয়া হয়। পরে শিল্পীরা নজরুলসংগীত ও গজল পরিবেশন করেন।চ্যানেল আই পদকবাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে আগামী ১৫ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড-২০১১’ প্রদান অনুষ্ঠান। মোট ১৬টি বিভাগে দেওয়া হবে এ পুরস্কার। পাশাপাশি থাকছে দেশের খ্যাতিমান শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। কুয়ালালামপুরের মারদেকা স্টেডিয়ামে বসবে এই বর্ণাঢ্য আসর।এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, মমতাজ, আইয়ুব বাচ্চু, জেমস, রিজিয়া পারভীন, চিত্রনায়ক ফারুক প্রমুখ।