সুফিয়াকে রবীন্দ্রনাথের চিঠি
১৯২৯-এর জানুয়ারির গোড়ায় সুফিয়া নিমন্ত্রণ জানিয়ে শান্তিনিকেতনে চিঠি লেখেন রবীন্দ্রনাথকে। কবি ১৯২৯-এর ৬ জানুয়ারি শান্তিনিকেতন থেকে সুফিয়া হোসেনকে উত্তর পাঠান। রবীন্দ্রনাথ এই চিঠিতে লেখেন: শান্তিনিকেতনকল্যাণীয়াসু কলকাতায় যাওয়া ঘটল না। যাবার আর সমস্ত সুবিধাই আছে কেবল শরীরটা হর্ত্তাল করে বসে আছে, তার চলাফেরা বন্ধ। সংবাদপত্র থেকে মাঝে মাঝে খবর পাই যে আমি নানা সভাসমিতিতে সভাপতির পদ গ্রহণের জন্য প্রস্তুত—তার থেকে বুঝতে পারি আমার খবর অন্যেরা আমার চেয়ে বেশি জানে। যাই হোক খবরের কাগজওয়ালারা যাই বলুন আমি খুব বিশ্বস্ত সংবাদদাতার কাছ থেকে খবর জানি যে রবীন্দ্রনাথের শীঘ্র কলকাতা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি রেঁধে খাওয়াতে চেয়েছ সেই কথাটি আমি এই দূরে থেকেও মনে রাখব। তুমি ভুলবে বলে আশঙ্কা করছি। ইতি ৬ই জানুয়ারি ১৯২৯শুভাকাঙ্ক্ষী শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ভূঁইয়া ইকবাল-এর রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ বই থেকে নেওয়া